২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী দিন হবে তারেকের: বিএনপি

তারেক রহমানকে দেশের ভবিষ্যৎ কর্ণধার হিসেবে উল্লেখ করে গ্রেনেড মামলায় তাকে আসামি করার সরকারি তৎপরতার জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2011, 01:01 PM

Updated : 24 Aug 2022, 03:29 PM

ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তারেক রহমানকে দেশের ভবিষ্যৎ কর্ণধার হিসেবে উল্লেখ করে গ্রেনেড মামলায় তাকে আসামি করার সরকারি তৎপরতার জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতারা। সোমবার নয়াপল্টনে সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, "আমরা সরকারকে স্পষ্টভাষায় বলে দিতে চাই- এদিন শেষ দিন নয়, আগামী দিন হবে বিএনপির, খালেদা জিয়ার, তারেক রহমানের। মামলা-হামলা দিয়ে এ অগ্রযাত্রা রোখা যাবে না।" তারেককে আসামি করার প্রতিবাদে সমাবেশের পর কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে বিএনপি মিছিল নিয়ে বের হতে চাইলে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে ও লাঠিপেটা করে তা ছত্রভঙ্গ করে দেয়। ২০০৪ সালের ২১ অগাস্টের গ্রেনেড মামলায় রোববার আদালতে দেওয়া সম্পূরক অভিযোগপত্রে খালেদা জিয়ার ছেলে তারেকসহ ৩০ জনকে নতুন করে আসামি করা হয়েছে। তারেকসহ বিএনপি নেতাদের আসামি করার প্রতিবাদে সোমবার ঢাকাসহ সারাদেশে বিএনপি সমাবেশ করেছে। নয়া পল্টনের সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "তারেক রহমানসহ জিয়া পরিবারের বিরুদ্ধে মামলা দিয়ে আন্দোলন থেকে দূরে রাখা যাবে না। গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় দুর্বার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটানো হবে।" গ্রেনেড মামলার নতুন আসামিদের 'নিরাপরাধ' দাবি করে বিএনপি নেতা বলেন, সম্পূরক অভিযোগপত্র পক্ষপাতমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বিএনপির এ সমাবেশের কয়েক ঘণ্টা আগেই এ সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেককে গ্রেনেড হামলার মূল হোতা হিসেবে উল্লেখ করেন। ফখরুল বলেন, "তারেক রহমানকে কেন এত ভয় পান? তাকে দেশে আসতে না দেওয়ার জন্যই মিথ্যা সাজানো মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে।" বিএনপির মহানগর আহ্বায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ফজলুর রহমান পটল, শামসুজ্জামান দুদু, আমান উল্লাহ আমান, মনিরুল হক চৌধুরী, জয়নুল আবদিন ফারুক, আবদুস সালাম, শিরিন সুলতানা, সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ। তারেকসহ দলীয় নেতাদের আসামি করার প্রতিবাদে বুধ ও বৃহস্পতিবার টানা ৪৮ ঘণ্টার হরতাল সফল করার জন্য দেশবাসীর প্রতি সমাবেশ থেকে আহ্বান জানান বিএনপি নেতারা। মিছিলে লাঠিপেটা সমাবেশের পর বিকাল পৌনে ৬টার দিকে কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে মিছিল নিয়ে বের হয় বিএনপি। তবে দলীয় কার্যালয় থেকে সামান্য এগোনোর পরপরই কাঁদানে গ্যাস ছুড়ে ও লাঠিপেটা করে পুলিশ ছত্রভঙ্গ করে দেয় কয়েক হাজার নেতা-কর্মীর সে মিছিল। বিএনপির সমাবেশের সময়েই বিপুল সংখ্যক পুলিশ বিএনপি কার্যালয়ের আশপাশে মোতায়েন ছিলো। কার্যালয়ের সামনের সড়কের দুপাশেই ব্যারিকেড দিয়ে রাখে পুলিশ। সমাবেশের শেষ বক্তা সাদেক হোসেন খোকা জাতীয় প্রেসক্লাবের অভিমুখে শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে যাওয়ার ঘোষণা দেন। মিছিলটি পুলিশের ব্যারিকেডের কাছাকাছি পৌঁছনোর আগেই পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। এরপর পুলিশ লাঠিপেটা শুরু করলে বিএনপিকর্মীদের অধিকাংশ ছত্রভঙ্গ হয়ে আশপাশের গলিতে ঢুকে পড়ে। বেষ্টনী তৈরি করে কেন্দ্রীয় নেতাদের কার্যালয়ে নিয়ে যায় কর্মীরা। মিছিল ছত্রভঙ্গ হওয়ার পর পুরো সড়কে বিএনপিকর্মীদের অসংখ্য চটি ও জুতা ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল অঞ্চলের উপ-কমিশনার আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অনুমতি না নিয়ে বিএনপি মিছিল করার চেষ্টা করায় পুলিশ বাধা দেয়। পুলিশ ৫ রাউন্ড কাঁদানে গ্যাস ছুড়লেও কাউকে আটক করেনি বলে জানান তিনি। মিছিলের হামলায় বিএনপি নেতারা তাৎক্ষণিকভাবে ক্ষোভ প্রকাশ করেন। ফষরুল দলীয় কার্যালয়ে সাংবাদিকদের বলেন, পুলিশ বিনা উস্কানিতে মিছিলে হামলা চালিয়েছে। এভাবে হামলা চালিয়ে হরতাল বন্ধ করা যাবে না। "এর আগের দিনও আমাদের একটি মিছিলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা পেছন দিক থেকে বোমা বিস্ফোরণ ঘটায়। পুলিশ লাঠিপেটা করে। আজও একই কায়দায় মিছিলে সামনের দিক থেকে পুলিশ আক্রমণ করেছে", বলেন তিনি। লাঠিপেটায় বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, কেন্দ্রীয় নেতা আবেদ রাজা, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সদস্য আখতার হোসেন, ইমরান, মুনির হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর শরাফত আলী সপু, সদস্য ইয়াসীন আলী, আইয়ুব আলী, মহিলা দলের আয়েশা সিদ্দিকা আহত হন বলে বিএনপি নেতারা জানান। ফখরুল বলেন, "আহত সবার পূর্ণ তালিকা আমরা পাইনি। বিরোধীদলীয় প্রধান হুইপের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ইসলামী ব্যাংক হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে।" চট্টগ্রামে বিএনপির আলাদা সভা তারেক রহমানকে আসামি করার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত প্রতিবাদ কর্মসূচি চট্টগ্রামে বিএনপির বিবদমান দুটি পক্ষ আলাদাভাবে পালন করেছে। বিকাল ৩টায় নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় সহসভাপতি আবদুল্লাহ আল নোমানের অনুসারীরা সমাবেশ করেন। সাবেক কাউন্সিলর শামসুল আলমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক এএম নাজিম উদ্দিন। একই স্থানে বিকাল পৌনে ৫টায় সমাবেশ করে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর অনুসারীরা। এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন। এছাড়া কাজির দেউড়ি চত্বর থেকে ছাত্রদল একটি বিক্ষোভ মিছিল করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমসি/এমআই/২০০০ ঘ.