টাঙ্গাইল, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ১০টির মধ্যে ছয়টিতে বিএনপি সমর্থিতরা জয়ী হয়েছেন।
তিনটিতে আওয়ামী লীগ এবং একটিতে কৃষক শ্রমিক জনতা লীগ সমর্থিত প্রার্থী জয়ী হন।
শনিবার সারাদিন ভোটগ্রহণ চলে। রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল হাসান ফল ঘোষণা করেন।
বিএনপি সমর্থিত চেয়ারম্যানরা হলেন- নারান্দিয়ায় মো. মোহর আলী, সহদেবপুরে শুকুর মাহমুদ, কোকডোহরায় ফরহাদ হোসেন, সল্লায় শামীম আল মামুন, দশকিয়ায় মির্জা জাহাঙ্গীর ও গোহালিয়াবাড়িতে আবদুল জলিল।
আওয়ামী লীগ সমর্থিতরা হলেন- বল্লায় চান মাহমুদ পাকির, পাইকড়ায় আজাদ হোসেন ও দুর্গাপুরে সিরাজুল ইসলাম।
কৃষক শ্রমিক জনতা লীগের বিজয়ী প্রার্থী হলেন নাগবাড়ি ইউনিয়নের বেলায়েত হোসেন।
গত ৩১ মে থেকে ইউনিয়ন পরিষদের দ্বিতীয় দফা নির্বাচন শুরু হয়েছে। আগামী ৫ জুলাই পর্যন্ত ৫৭ জেলার ৪১৪টি উপজেলার তিন হাজার ৮১৩টি ইউনিয়নে এ নির্বাচন হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৭৫২ ঘ.
bdnews24