ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তারেক রহমান, হারিছ চৌধুরী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ ৩০ জনকে আসামির তালিকায় যোগ করে ২১ অগাস্ট গ্রেনেড মামলার সম্পূরক অভিযোগপত্র আদালতে দিয়েছে সিআইডি।
রোববার দুপুর সোয়া ২টার দিকে দুটি ট্রাংকে করে অভিযোগপত্র ঢাকার আদালতে নিয়ে যান পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক সামিউল বাসিত। বিএনপি সমর্থক আইনজীবীদের বিক্ষোভের মধ্যেই এটি আদালতে দাখিল করা হয়।
পরে ঢাকা মহানগর জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুল্লাহ আবু সাংবাদিকদের কাছে অভিযোগপত্রের নানা দিক তুলে ধরেন।
খালেদা জিয়ার বড় ছেলে তারেককে আসামি করার বিষয়ে তিনি বলেন, "তিনি (তারেক) প্রশাসনিকভাবে এ হামলার পরিকল্পনায় এবং আসামিদের পালাতে সহযোগিতা করেছেন।"
ডজন খানেক মামলার আসামি তারেককে এ মামলায় 'ষড়যন্ত্র' করে ফাঁসানো হচ্ছে বলে আগে থেকেই অভিযোগ করে আসছে বিএনপি।
আবদুল্লাহ আবু জানান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মুজাহিদ, খালেদার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, খালেদা জিয়ার ভাগ্নে সাইফুল ইসলাম ডিউক, বিএনপির সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, ঢাকার কাউন্সিলর আরিফুল ইসলাম আরিফের নাম আসামির তালিকায় রয়েছে।
নতুন অন্য আসামিদের মধ্যে রয়েছে- এনএসআইয়ের সাবেক মহাপরিচালক রেজ্জাকুল হায়দার ও আব্দুর রহিম, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এটিএম আমিন, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম জোয়ার্দার, অবসরপ্রাপ্ত আইজিপি মো. আশরাফুল হুদা, শহুদুল হক ও খোদা বখশ চৌধুরী, সাবেক ডিসি (পূর্ব) মো. ওবায়দুর রহমান, সাবেক ডিসি (দক্ষিণ) খান সাঈদ হাসান, অবসরপ্রাপ্ত এএসপি আব্দুর রশিদ, অবসরপ্রাপ্ত এএসপি মুন্সী আতিকুর রহমান, বিশেষ পুলিশ সুপার মো. রুহুল আমিন।
এছাড়া হানিফ এন্টারপ্রাইজের মালিক মো. হানিফ, মাওলানা শেখ আব্দুস সালাম, মো. আব্দুল মাজেদ বাট ইউসুফ, আব্দুল মালেক ওরফে গোলাম মোহাম্মদ, আব্দুর রউফ ওরফে আবু ওমর হোমায়রা, আব্দুল হান্নান সাব্বির, শওকত ওসমান ওরফে শেখ ফরিদ, মাওলানা ইয়াহিয়া, মুফতি শফিকুর রহমান, মুফতি আব্দুল হাই, রাতুল বাবুর নামও আসামির তালিকায় রয়েছে।
সম্পূরক অভিযোগপত্রে নতুন ৩০ জনসহ দুই মামলায় মোট আসামি সংখ্যা দাঁড়ালো ৫২ জনে। এ ছাড়া ৮৩ জনকে নতুন সাক্ষী করা হয়েছে। এদের নিয়ে দুই মামলায় এখন সাক্ষীর সংখ্যা ৪৯১ জন।
তদন্ত কর্মকর্তা আব্দুল কাহহার আকন্দ অভিযোগপত্র জমা দিতে আসেননি। সিআইডি কর্মকর্তারা জানান, হত্যা মামলায় একটি এবং বিস্ফোরক মামলায় আরেকটি অভিযোগপত্র দেওয়া হয়।
২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় দলের কেন্দ্রীয় নেত্রী আইভী রহমানসহ ২৪ জন নিহত এবং কয়েকশ' আহত হন।
বিএনপি জামায়াত জোট সরকারের সময় এ মামলার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করা হয় বলে অভিযোগ ওঠে। কয়েকজন তদন্ত কর্মকর্তার হাত ঘুরে সেনা সমর্থিত বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে ২০০৮ সালের ১১ জুন সিআইডি কর্মকর্তা ফজলুল কবীর ২২ জনকে আসামি করে মামলার অভিযোগপত্র দাখিল করেন।
পরে রাষ্ট্র্রপক্ষের আবেদনে ২০০৯ সালের ৩ অগাস্ট আদালত অধিকতর তদন্তের আদেশ দেয়। এরপরই সিআইডির বিশেষ পুলিশ সুপার কাহহার আকন্দ মামলাটির অধিকতর তদন্তের দায়িত্ব পান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এমআই/১৬৪৩ ঘ.
bdnews24