ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থপাচারের মামলায় আরাফাত রহমান কোকোর সাজা হয়ে গেলেও একই অভিযোগে তার বড় ভাই তারেক রহমানের মামলার অভিযোগ গঠন আবার পিছিয়েছে।
রোববার অভিযোগ গঠনের নির্ধারিত দিনে তারেকের আইনজীবীদের আবেদনে ঢাকার বিশেষ জজ মোজাম্মেল হোসেন আগামী ২৫ জুলাই শুনানির নতুন তারিখ ঠিক করেছেন।
এ নিয়ে এ মামলায় অভিযোগ গঠনের শুনানি তৃতীয়বারের মতো পেছালো। দুর্নীতি দমন কমিশনের করা মামলাটিতে তারেকের সঙ্গে তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনও আসামি।
রোববার কমিশনের আইনজীবী মোশাররফ হোসেন কাজল আসামি তারেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করলেও আদালত কোনো আদেশ দেয়নি।
সময়ের আবেদনে লন্ডনে অবস্থানরত তারেকের কৌঁসুলি মাহবুব উদ্দিন খোকন ও তাহেরুল ইসলাম তৌহিদ বলেন, এ মামলা আমলে নেওয়ার আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করা হয়েছে। ওই আবেদন শুনানির অপেক্ষায় থাকায় অভিযোগ গঠনের শুনানি মুলতবি হওয়া প্রয়োজন।
গত ১৯ মে আইনজীবীদ্বয় সময় চেয়ে আদালতে বলেছিলেন, আপিল বিভাগ ২০০৯ সালের মানি লন্ডারিং আইনে নয়, ২০০২ সালের মানি লন্ডারিং আইনে চলতে পারে বলে রায় দিয়েছেন। কিন্তু ২০০২ সালের মানি লন্ডারিং আইনে মামলাটি কিভাবে চলবে সে বিষয়ে ব্যাখ্যা চেয়ে আপিল বিভাগে রিভিউ আবেদন করা হয়েছে। তার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অভিযোগ গঠনের শুনানি মুলতবি হওয়া প্রয়োজন।
২০০৯ সালের ২৬ অক্টোবর ঢাকার ক্যান্টনমেন্ট থানায় খালেদা জিয়ার ছেলে ও তার বন্ধুর বিরুদ্ধে এ মামলা হয়। গত বছরের ৬ জুলাই অভিযোগপত্র দেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ ইব্রাহীম।
অভিযোগপত্রে বলা হয়, টঙ্গীর বিসিক শিল্প এলাকায় একটি ৮০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কার্যক্রম পরিচালনা করে 'নির্মাণ কনস্ট্রাকশন' কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক খাদিজা ইসলামের কাছ থেকে তারেক ও মামুন ২০০৩ সালের ১ জানুয়ারি থেকে ২০০৭ সালের ৩১ মে পর্যন্ত ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা টাকা নিয়ে তা সিঙ্গাপুরে পাচার করেন।
গত ৫ মে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক এ মামলার অভিযোগপত্র আমলে নিয়ে ১৯ মে আসামিদের উপস্থিতিতে অভিযোগ গঠনের দিন ঠিক করে বর্তমান আদালতে মামলার কাগজপত্র পাঠিয়ে দেন।
তারেক লন্ডনে থাকলেও মামুন কারগারে রয়েছেন। হরতালের কারণে রোববার তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়নি।
বিডনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএইচ/এমআই/১৩৪০ ঘ.
bdnews24