২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে আটকের প্রতিবাদে তেল-গ্যাস কমিটির কর্মসূচি

কনকো-ফিলিপসের সঙ্গে চুক্তির প্রতিবাদে আধাবেলা হরতালে নেতা-কর্মীদের আটকের প্রতিবাদে সোমবার সমাবেশ করবে তেল-গ্যাস রক্ষা কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2011, 03:50 AM

Updated : 24 Aug 2022, 03:29 PM

ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কনকো-ফিলিপসের সঙ্গে চুক্তির প্রতিবাদে আধাবেলা হরতালে নেতা-কর্মীদের আটকের প্রতিবাদে সোমবার সমাবেশ করবে তেল-গ্যাস রক্ষা কমিটি। সাগরের দুটি ব্লকে গ্যাস অনুসন্ধানে গত মাসে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি কনকো-ফিলিপসের সঙ্গে চুক্তি করে সরকার। এতে দেশের স্বার্থ রক্ষা হয়নি দাবি করে ঢাকায় আধাবেলা হরতাল ডাকে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। রোববার হরতাল শুরুর আগে ভোর সাড়ে ৫টা থেকেই পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কার্যালয়ের আশপাশে অবস্থান নেয় পুলিশ। সিপিবি কার্যালয়কেই অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহার করেছে তেল-গ্যাস রক্ষা কমিটি। হরতালের শুরুতেই তেল-গ্যাস রক্ষা কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদকে আটক করে পরে ছেড়ে দেওয়া হয়। এছাড়া পল্টন মোড়, বিজয়নগর, শাহবাগ, টিএসসিসহ বিভিন্ন এলাকা থেকে সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স, বাসদ নেতা রাজেকুজ্জামান রতন, বিপ্লবী গণতান্ত্রিক পার্টির নেতা মোশরেফা মিশু, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বহ্নিশিখা জামালী, সিপিবির জলি তালুকদার, জাহিদ হোসেন খান, যুব ইউনিয়নের আসাদুল্লাহ টিটো, শেখ রফিকসহ শতাধিক নেতা-কর্মীকে আটক করা হয়। পরে তাদের অধিকাংশকেই ছেড়ে দেওয়া হয়। হরতাল শেষে দুপুর ১২টায় সিপিবি কার্যালয়ের সামনে সমাবেশে আনু মুহাম্মদ সোমবার বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন। ওই সমাবেশ থেকে ধারাবাহিক আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি। হরতাল শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশের কথা থাকলেও তেল-গ্যাস রক্ষা কমিটির নেতা-কর্মীদের সেখানে যেতে বাধা দেয় পুলিশ। এর আগে সকাল ৭টার দিকে সিপিবি কার্যালয়ের সামনে থেকে আনু মুহাম্মদ, বাম মোর্চার আহ্বায়ক সাইফুল হককে আটক করে পুলিশ। আধাঘণ্টা পর পুলিশ আনু মুহাম্মদরক সিপিবি অফিসের সামনে নামিয়ে দিয়ে যায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকার জোর করে হরতাল বানচালের চেষ্টা করছে। পুলিশ ও র‌্যাব আমাদের নেতাকর্মীদের নির্যাতন করছে, গ্রেপ্তার করছে। সরকার তার পেটোয়া বাহিনী দিয়ে রাস্তায় যানবাহন চালানোর চেষ্টা করছে। সরকার যে মার্কিন কোম্পানির কাছে দাসখত দিয়েছে, তার প্রমাণই তারা দিচ্ছে।" আটক নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন তিনি। আনু মুহাম্মদকে ছেড়ে দেওয়ার পর সিপিবি কার্যালয়ের সামনে থেকে র‌্যাব আটক করে দলটির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্সকে। হরতালের সমর্থনে একটি মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় তা আটকে দেয় পুলিশ। মিছিল থেকে ছাত্র ইউনিয়নের রাজীব কর্মকার, এসআর খান জিতু, তুষার, আবু সায়েম, জাহিদ, এহসান, জিন্নাহ প্রমুখ আটক হয়। শাহবাগে মিছিলে পুলিশ লাঠি চালালে ছাত্র ইউনিয়ন নেতা অভিনু কিবরিয়া ইসলাম আহত হন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একটি গাড়ি ভাংচুর করে হরতাল সমর্থকরা। সকাল ১১টার দিকে টিএসসিতে হরতালের সমর্থনের মিছিল ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি পোড়ানোর পরপরই পুলিশ সক্রিয় হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। সেখান থেকে ঢাকা ইউনিভার্সিটি ফিল্ম সোসাইটর সাবেক সভাপতি ও ছাত্র ইউনিয়ন নেতা রিপন কুমার দাস ধ্র"বসহ সাত জনকে আটক করা হয়। এর মধ্যে দুজন পিকেটার নন বলে ঢাবি শিক্ষার্থীরা জানায়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, "নিরাপরাধ কোনো শিক্ষার্থীকে আটক করা হলে তাদের ছেড়ে দেওয়া হবে বলে পুলিশের সঙ্গে কথা হয়েছে।" পুলিশের বাধায় মিছিল বের করতে না পেরে হরতালকারীরা সিপিবি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছে। সকাল ১১টার দিকে সেখানে বামপন্থী বিভিন্ন দলের নেতারা বক্তব্য রাখেন। পল্টন থানার ওসি শহিদুল হক রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হরতালের সময় তারা ৬১ জনকে আটক করেছিলেন। তাদের সবাইকেই পরে ছেড়ে দেওয়া হয়েছে। শাহবাগ থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) পরিমল দাস জানান, হরতালের সময় তারা ২৮ জনকে আটক করেছিলেন। এর মধ্যে খালেদ মোর্শেদ নামের একজন ছাড়া বাকি সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। তেল-গ্যাস রক্ষা কমিটির পাশাপাশি আলাদা দাবিতে চরমোনাই পীর ইসলামী আন্দোলন বাংলাদেশও ঢাকায় আধাবেলা হরতাল ডাকে। সংবিধানে 'আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস' কথাটি বাদ দেওয়ার প্রতিবাদে তাদের এ কর্মসূচি। দলটির প্রচার সম্পাদক আহমদ আবদুল কাইয়ূম সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুলিশের ধরপাকড় ও নির্যাতনে নেতাকর্মীরা অতিষ্ঠ হয়ে উঠেছে। গতকাল (শনিবার) দুপুর থেকে দলের পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে পুলিশ। কার্যালয় থেকে কাউকে বের হতে কিংবা ঢুকতে দিচ্ছে না।" শনিবার দুপুর থেকে রোববার দুপুর ১২টা পর্যন্ত ইসলামী আন্দোলনের ৮২ জন নেতাকর্মীকে পুলিশ আটক করেছে বলে দাবি করেছেন তিনি। সকালে রাজধানীর বিভিন্ন স্থানে হরতালের সর্মথনে মিছিল ও পিকিটিং করার চেষ্টা করেও পুলিশি বাধার মুখে সম্ভব হয়নি বলে জানান প্রচার সম্পাদক কাইয়ূম। ইসলামী আন্দোলনের কর্মীরা সকালে পোস্তগোলা ও উত্তরায় মিছিল বের করলে তা ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আলাদা দাবিতে দুটি সংগঠনের এ হরতালে ঢাকায় পল্টন ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ছাড়া অন্য স্থানে পিকেটারদের তৎপরতা চোখে পড়েনি। বাস চলাচল প্রায় অন্য দিনের মতো হলেও রাস্তাগুলোতে প্রাইভেট গাড়ি দেখা যায়নি। রেল, বিমান ও লঞ্চ চলাচল স্বাভাবিক ছিলো। রাজধানীর দোকান-পাট ও শিক্ষা প্রতিষ্ঠানের বেশিরভাগই খোলা ছিলো। সচিবালয়সহ বিভিন্ন প্রশাসনিক কার্যালয়েও কাজ চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/প্রতিনিধি/কেটি/সিএস/এআরআর/এমআই/০০২৩ ঘ.