২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ছাত্রলীগ-শিবির সংঘর্ষে আহত ২০

নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে সিলেটের বিশ্বনাথ ডিগ্রি কলেজে ছাত্রলীগ-ছাত্রশিবির সংঘর্ষে অন্তত শিক্ষকসহ ২০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2011, 06:56 PM

Updated : 24 Aug 2022, 03:28 PM

সিলেট, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে সিলেটের বিশ্বনাথ ডিগ্রি কলেজে ছাত্রলীগ-ছাত্রশিবির সংঘর্ষে অন্তত শিক্ষকসহ ২০ জন আহত হয়েছে। শনিবার দুপুরে এ সংঘর্ষে আহতদের মধ্যে দুই শিবিরকর্মীকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহতরা হলেন- কলেজের প্রভাষক আব্দুল মতিন, আব্দুস সহীদ শাহীন ও গোলাম মোস্তফা, ছাত্রলীগকর্মী রাজন আহমদ, শীতল বৈদ্য, আলিম উদ্দিন, নবাগত ছাত্রী জেসমিন বেগম, জাহানারা ইয়াসমিন, শিবিরকর্মী জহির উদ্দিন, জিয়াউল হক, আজিজ মিয়া, দুলাল মিয়া ও রওশন আলী। এরমধ্যে শিবিরের জহির উদ্দিন ও জিয়াউল হককে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কলেজে নবীনবরণ অনুষ্ঠান চলাকালে ছাত্রশিবিরের কিছু কর্মী নবাগত শিক্ষার্খীদের লিফলেট বিতরণ করছিল। এতে ছাত্রলীগকর্মীরা বাধা দিলে সংঘর্ষ বাধে। উভয়পক্ষের মধ্যে প্রায় আধঘণ্টা ধাওয়া পাল্টা ধাওয়া চলে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিশ্বনাথ থানার ওসি আশিক সুজা মামুন জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। কলেজে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৪৬ ঘ.