ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারদলীয় জোট ও সমমনা দলগুলোর নেতাদের নিয়ে বৈঠক ডেকেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
বিএনপির দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাত সাড়ে ৮টায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে চারদলীয় জোট নেতাদের সঙ্গে এবং সাড়ে ৯টায় সমমনা দলগুলোর নেতাদের সঙ্গে এই বৈঠক হবে।
আন্দোলনের পরবর্তি কর্মসূচি নিয়ে আলোচনার জন্যই এই বৈঠক ডাকা হয়েছে বলে একাধিক নেতা জানান।
দপ্তর সম্পাদক রিজভী বলেন, "চলমান রাজনৈতিক পরিস্থিতি ও পঞ্চদশ সংশোধনীসহ বিভিন্ন বিষয়ে বৈঠকে আলোচনা হবে।"
এর আগে গত ২৮ জুন এক বিক্ষোভ সমাবেশে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামী আলমগীর বলেছিলেন, ৩ জুলাই (রোববার) আন্দোলনের বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে বিএনপি।
বৃহস্পতিবার জাতীয় সংসদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাস হওয়ার পর এক সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বলেন, সংবিধান এখন আওয়ামী লীগের ইশতেহারে পরিণত হয়েছে। এর ফলে সংঘাত অনিবার্য হয়ে উঠেছে।
এরপর শুক্রবার বিকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক অনুষ্ঠানে বলেন, মধ্যবর্তী নির্বাচনের দাবিতে নয়, এবার সরকারপতনের জন্য আন্দোলন শুরু হবে।
তত্ত্বাবধায়ক ব্যবস্থা রাখার পক্ষে অবস্থান নিয়ে এর আগে দুই দফায় ৪৮ ঘণ্টা হরতাল করে বিএনপি ও জামায়াতে ইসলামী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৮১৯ ঘ.
bdnews24