ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত বিএনপির সঙ্গে আলোচনা করেই নেওয়া উচিত ছিলো বলে মন্তব্য করেছেন মহাজোট শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল ও সংবিধান সংশোধনের বিষয়ে মহাজোট শরিক দলের ছয় সংসদ সদস্যের পক্ষে এক সংবাদ সম্মেলনে শনিবার তিনি বলেন, "তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি একতরফাভাবে বাতিল করা সমীচীন হয়নি। এ নিয়ে বিএনপির সঙ্গে আলোচনার প্রয়োজন ছিলো।"
তবে বিএনপির সঙ্গে আলোচনায় সরকারের আগ্রহ ছিলো বলেও স্বীকার করেন মেনন। তিনি বলেন, "বিএনপির উচিত ছিলো, আলোচনায় এসে তাদের প্রস্তাব দেওয়া। কিন্তু তারা তা করেননি।"
রাজধানীতে জাসদ কার্যালয়ের কর্নেল তাহের মিলনায়তনে ওই সংবাদ সম্মেলনে জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ন্যাপের সভাপতিমণ্ডলীর সদস্য আমিনা আহমেদ ও ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য ফজলে হোসেন বাদশাও ছিলেন।
ঢাকার বাইরে থাকায় জাসদ সংসদ সদস্য মইনুদ্দীন খান বাদল ও শাহ জিকরুল আহমেদ উপস্থিত থাকতে পারেননি বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
গত বৃহস্পতিবার সংসদে পঞ্চদশ সংশোধনী বিল পাস হওয়ার মধ্য দিয়ে বিলুপ্ত হয় তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি। বিএনপি এর বিরোধিতা করে বলেছে, এতে সংঘাতের পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
মহাজোট শরিক দলের এ সংসদ সদস্যরা সংসদে বিলের ওপর কয়েকটি সংশোধনী প্রস্তাব আনলেও তা কণ্ঠভোটে নাকচ হয়।
সংবিধান সংশোধনে সংসদ যে বিশেষ কমিটি গঠন করেছিলো, তার সদস্য ছিলেন মেনন ও ইনু। তারা রাষ্ট্রধর্ম ইসলাম ও বিসমিল্লাহ রাখাসহ কয়েকটি বিষয় নিয়ে কমিটির বৈঠকেই আপত্তি তুলেছিলেন।
সংবিধান সংশোধনের প্রস্তাবে ভোটের সময়ও মেনন ও ইনু প্রথমে অনীহা দেখিয়েছিলেন। পরে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের অনুরোধে সংশোধনের পক্ষে 'হ্যাঁ' ভোট দেন তারা।
সংশোধনী প্রস্তাব নাকচ হওয়ার পরও বিল পাসে ভোট দেওয়ার প্রসঙ্গে মেনন বলেন, "আমরা চেয়েছিলাম সংশোধনীগুলো 'ক্লজ বাই ক্লজ' ভোটে দিতে। স্পিকার সংসদের অনুমতি নিয়ে সব প্রস্তাব একসঙ্গে ভোটে দেন। এজন্য আমরাও এর পক্ষে ভোট দিয়েছি। কিন্তু কিছু বিষয়ে আমাদের অবস্থান আগের মতোই রয়েছে।"
সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম এবং বিসমিল্লাহ রেখে দেশে ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠা সম্ভব কি না- প্রশ্ন করা হলে মেনন ও ইনু উভয়ই বলেন, এটা ধর্মনিরপেক্ষতার সঙ্গে সাংঘর্ষিক। কিন্তু এরপরও সংবিধানের চার মূলনীতির একটি 'ধর্মনিরপেক্ষতা' যোগ করা '৭২-এর সংবিধানের দিকে একটি অগ্রযাত্রা।
পাস হওয়া সংশোধনী নিয়ে মতপার্থক্য থাকলেও মহাজোটের ঐক্য অটুট রাখার ঘোষণা দিয়ে জাসদ সভাপতি ইনু বলেন, "দেশের সংবিধান, সংস্কৃতি ও রাজনীতিকে রক্ষায় আমরা এ ঐক্য করেছি। জামায়াত ও তাদের দোসরদের প্রতিহত করতে এ ঝাণ্ডা তুলে ধরে ঐক্য চালিয়ে নেওয়া হবে।"
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপের পর নিরপেক্ষ নির্বাচন সম্ভব বলে মনে করেন কি না- প্রশ্নের জবাবে ইনু বলেন, নির্বাচন কমিশনকে শক্তিশালী করে এটা অবশ্যই সম্ভব। তবে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা কী হবে, নির্বাচন কমিশনকে কীভাবে শক্তিশালী করা হবে, তা নিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে। এ নিয়ে বিএনপিসহ সবার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিতে হবে।
সংঘাত অনিবার্য বলে বিএনপি চেয়ারপার্সনের সতর্কবার্তার জবাবে ইনু বলেন, "সংঘাত অনিবার্য নয়, আলোচনা অনিবার্য। আলোচনার মাধ্যমেই এ সমস্যার সমাধান করা সম্ভব। তবে যদি বিএনপি সমস্যার সমাধান চায়। যদিও বিএনপি মনে হয়, বিএনপি সমস্যাটিকে দীর্ঘদিন জিইয়ে রাখতে চায়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৫৪০ ঘ.
bdnews24