পাবনা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনা সদর উপজেলার দুটি গ্রামে নির্বাচন পরবর্তী সহিংসতায় অন্তত ৩০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ও বুধবার রাতে উপেজলার ভাড়ারা ইউনিয়নের হলুদবাড়িয়া ও চরবলরামপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
পাবনা সদর থানার ওসি এ এইচ এনায়েত উদ্দিন জানান, ভাড়ারা ইউনিয়নের হলুদবাড়িয়া গ্রামে পরাজিত দুই সদস্য প্রার্থী খয়বর আলী ও আব্দুর রশিদের সমর্থকদের মধ্যে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সংঘর্ষ বাধে। এতে নারীসহ উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়।
আহতদের মধ্যে ৮ জনকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে বুধবার রাত সাড়ে ১১টার দিকে একই ইউনিয়নের চরবলরামপুর গ্রামে নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা কফিল ও তার সমর্থকরা বিজয়ী প্রার্থী আবু সাইদের সমর্থকদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আবু সাইদ জানান, হামলায় ১০ জন আহত হয়েছে।
ওসি এ এইচ এনায়েত উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২১৪০ ঘ.
bdnews24