২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আ. লীগের কাছে ইসলামসহ দেশের কিছুই নিরাপদ নয়'

চরমোনাই পীর বলেছেন, সংবিধান থেকে 'আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস' শব্দগুলো বাদ দেওয়ার 'ধৃষ্টতার' মাশুল অচিরেই সরকারকে দিতে হবে। দেশবাসী আওয়ামী সরকারের এই 'হঠকারী' আচরণের সমুচিত জবাব দেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2011, 01:41 PM

Updated : 24 Aug 2022, 03:27 PM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চরমোনাই পীর বলেছেন, সংবিধান থেকে 'আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস' শব্দগুলো বাদ দেওয়ার 'ধৃষ্টতার' মাশুল অচিরেই সরকারকে দিতে হবে। দেশবাসী আওয়ামী সরকারের এই 'হঠকারী' আচরণের সমুচিত জবাব দেবে। বৃহস্পতিবার সংসদে পঞ্চদশ সংবিধান সংশোধন বিল পাস হওয়ার পর এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান চরমোনাই পীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর এই আমীর বলেন, "দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের কাছে আজ পরিষ্কার হয়ে গেছে যে, আওয়ামী লীগের কাছে ঈমান, ইসলাম, কোরআন, মুসলমান ও দেশের কিছুই নিরাপদ নয়।" সংবিধানে 'আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস' কথাটি অবিকৃতভাবে না রাখার প্রতিবাদে আগামী ৩ জুলাই ঢাকা মহানগরীতে এবং ১০ জুলাই সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। প্রধান বিরোধী দল বিএনপির রাজনৈতিক মিত্র হিসেবে পরিচিত এই দলটি। সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেন, দেশের কোনো ঈমানদার মুসলমানের পক্ষে সংবিধানের এই পঞ্চদশ সংশোধনী মেনে নেওয়া সম্ভব নয়। পঞ্চদশ সংশোধনীর তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, দেশের সংবিধান কোন দল বা গোষ্ঠীর সম্পদ নয়। জনমতকে উপেক্ষা করে শুধু সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে একতরফা সংবিধান সংশোধনের এখতিয়ার এই সরকারের নেই। চরমোনাই পীর সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, মহাজোটের 'হায়াত' ফুরিয়ে আসছে। জনবিস্ফোরণের মুখে চরম পরিণতি বরণ করার আগেই মহাজোট সরকারের উচিত এখনই পদত্যাগ করে ক্ষমতা ছেড়ে দেওয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এইচএ/১৯৩২ ঘ.