ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানের পঞ্চদশ সংশোধনী বিল সম্পর্কে দলের অবস্থান তুলে ধরতে বৃহস্পতিবার বিকালে সংবাদ সম্মেলন ডেকেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে বিকাল ৪টায় এই সংবাদ সম্মেলন হবে ।
খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সরকারের একতরফা পঞ্চদশ সংবিধান সংশোধনী বিল-২০১১ সম্পর্কে বিরোধী দলীয় নেতা নিজ দলের অবস্থান সংবাদ সম্মেলনের মাধ্যমে জনগণের কাছে তুলে ধরবেন।''
সংসদীয় কমিটির পর্যালোচনার পর পঞ্চদশ সংবিধান সংশোধন বিল বুধবার সংসদে উপস্থাপন করা হয়।
এই বিলে তত্ত্বাবধায়ক সরকার, এর মেয়াদকাল, প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা সংশ্লিষ্ট অনুচ্ছেদগুলি বিলুপ্তির সুপারিশ করা রয়েছে।
ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে রাখা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি প্রদর্শনেরও সুপারিশ রয়েছে বিলে।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলে সরকারের উদ্যোগের পর চলতি মাসেই খালেদা জিয়া দুই দফা সংবাদ সম্মেলন করে দলের অবস্থান তুলে ধরেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২০০৩ ঘ.
bdnews24