২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার একতরফাভাবে সংবিধান সংশোধন করছে: ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবারও বলেছেন, সরকার জনমতের তোয়াক্কা না করে এক তরফাভাবে সংবিধান সংশোধনের প্রক্রিয়া করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2011, 12:35 PM

Updated : 24 Aug 2022, 03:27 PM

ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবারও বলেছেন, সরকার জনমতের তোয়াক্কা না করে এক তরফাভাবে সংবিধান সংশোধনের প্রক্রিয়া করছে। বুধবার বিকালে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া অন্য কোনো সরকারের অধীনে নির্বাচন মানবে না। রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুমানা মনজুরকে দেখে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি। গত ৫ জুন স্বামী হাসানের নির্যাতনের শিকার রুমানা মনজুরের একটি চোখ পুরোপুরি নষ্ট এবং অন্য চোখের রেটিনা মস্তিষ্কের সঙ্গে সাড়া দিচ্ছে না। এ ঘটনায় গত ১৫ জুন হাসানকে গ্রেপ্তার করা হয়। তিন দফায় পাঁচ দিন রিমান্ড শেষে বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। ফখরুল বলেন, "তড়িঘড়ি করে পঞ্চদশ সংশোধনী বিলের প্রতিবেদন সংসদে উপস্থাপনের মাধ্যমে প্রমাণ হচ্ছে, সরকার জনমতের তোয়াক্কা না করে এক তরফাবে সংবিধান সংশোধন করছে। সংবিধান সংশোধন করে তারা দলীয় সরকারের অধীনে নির্বাচন করবে। এটা জনগণ মানবে না।'' একতরফা সংশোধনের উদ্যোগকে নবরূপে বাকশালী শাসন প্রতিষ্ঠার শামিল বলে মন্তব্য করেন তিনি। অন্তবর্তীকালীন সরকার সম্পর্কিত এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, "আমরা বলেছি, ত্রয়োদশ সংশোধনীর তত্ত্বাবধায়ক সরকার ছাড়া অন্য কোনো সরকার আমরা মানব না।" বাজেট পাসের সমালোচনা করে ভারপ্রাপ্ত মহাসচিব আরো বলেন, "আমরা সংসদে সরকারের জাতীয় বাজেটের ওপর যেসব প্রস্তাব দিয়েছি তার কিছুই প্রতিফলিত হয়নি। তারা একতরফাভাবে বাজেট পাস করেছে।" আগামী অর্থবছরের জন্য অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেট বিরোধী দলের অনুপস্থিতিতে সর্বসম্মতভাবে সংসদে পাস হয়েছে। বিকালে সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামী অর্থবছরে উন্নয়ন ও অনুন্নয়ন ব্যয়ের জন্য ২ দশমিক ৩২৪ ট্রিলিয়ন (২ লাখ ৩২ হাজার ৪০০ কোটি) অর্থ ব্যয়ের মঞ্জুরি চেয়ে নির্দিষ্টকরণ বিল উত্থাপন করলে কণ্ঠভোটে তা গৃহীত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/পিডি/১৮৩৩ ঘ.