গাইবান্ধা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ব্যালট পুনর্গননার দাবিতে পরাজিত এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা বুধবার এক ঘণ্টা রেল ও সড়ক পথ অবরোধ করে রাখে।
বামনডাঙ্গায় এলাকায় এ অবরোধ করে জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী মজিবর রহমান সরকার বাদশার সমর্থকরা। এ কারণে সান্তাহার-লালমনিরহাট রুটের পদ্মরাগ মেইল ট্রেন ও সুন্দরগঞ্জ-রংপুর আঞ্চলিক সড়কে চলাচলরত অসংখ্য গাড়ি আটকা পড়ে।
সুন্দরগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, গত ৮ জুন নির্বাচনে পরাজিত এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা সকাল ১১টার দিকে বামনডাঙ্গা রেল স্টেশনে রেলপথ এবং পাশের সড়কপথ অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ গিয়ে বেলা ১২টার দিকে অবরোধ তুলে দেয়।
বামনডাঙ্গা রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আমজাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পদ্মরাগ মেইল ট্রেনটি বেলা ১১টার দিকে স্টেশনে ঢুকে। ওই সময় ৪/৫ লোক বৃষ্টির মধ্যেই মিছিল নিয়ে এসে রেলপথ অবরোধ করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অবরোধের সময় প্রতিবাদ সমাবেশও করে বিক্ষোভকারীরা। সমাবেশে বক্তব্যে বাদশা বলেন, ভোট কারচুপি করে তাকে হারিয়ে দেওয়া হয়েচে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৫০ ঘ.
bdnews24