সুনামগঞ্জ, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে সুনামগঞ্জ জেলা বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ নেতা-কর্মী আহত হয়েছে।
বুধবার দুপুর ২টার দিকে শহরের প্রেসক্লাব চত্বরে বিএনপির জেলা কমিটির সভাপতি ফজলুল হক আসপিয়া ও সাধারণ সম্পাদক কলিম উদ্দিন মিলন পক্ষের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দলীয় সফরের অংশ হিসেবে কেন্দ্রীয় সহ-সভাপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ, শমসের মবিন চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সুনামগঞ্জে আসেন। তারা দুই পক্ষের নেতা-কর্মীদের নিয়ে সভা করার জন্য দুপুরে সুনামগঞ্জ প্রেসক্লাব চত্বরে আসেন।
কিন্তু সভা শুরু আগেই দুই পক্ষের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ২০ নেতা-কর্মী আহত হয়।
সাধারণ সম্পাদক পক্ষের নেতা জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন চৌধুরী, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, জেলা বিএনপির সহসভাপতি আসম খালিদ সহ বেশ কয়েকজন নেতা লাঞ্ছিত হন।
পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সভা না করেই সুনামগঞ্জ ত্যাগ করেন।
নাসির উদ্দিন চৌধুরী বলেন, বিএনপির কিছু নেতাকর্মী সভা বানচাল করতে সভার আগেই আমাদের ওপর হামলা চালায়। এজন্য আসপিয়ার পক্ষের সমর্থকরা দায়ী।
তবে আসপিয়ার পক্ষের নেতা ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী সংঘর্ষের ঘটনায় সাধারণ সম্পাদক কলিম উদ্দিন মিলনের সমর্থকদের দায়ী করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৬১২ ঘ.
bdnews24