ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্মাণাধীন খালেদা জিয়া হলের নাম পরিবর্তনের প্রতিবাদসহ ৭ দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুদিন ধর্মঘট ডেকেছে ছাত্রদল।
বুধবার নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ২ ও ৩ জুলাই ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করেন বিএনপি সমর্থক ছাত্র সংগঠনটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।
ছাত্রদলের দাবিগুলো হলো- নির্মাণীন ছাত্রী হলের নাম খালেদা জিয়া রাখা, ক্যাম্পাস ও হলগুলোতে সব ছাত্র সংগঠনের সহঅবস্থান নিশ্চিত করা, হল থেকে বহিরাগত সন্ত্রাসীদের বিতাড়িত করা, মেধার ভিত্তিতে হলে আসন বন্টন, বিশ্ববিদ্যালয়ের বাজেটে ছাত্রছাত্রীদের উন্নয়নে জন্য বরাদ্দ বাড়ানো এবং ছাত্রদল সভাপতির ওপর হামলাকারীদের শাস্তি দেওয়া।
সংবাদ সম্মেলনে ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম বলেন, "বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ আমাদের দাবি না মানলে প্রয়োজনে লাগাতার ধর্মঘট দিতে বাধ্য হবো।"
খালেদা জিয়ার নামকরণ বাতিলের সমালোচনা করে টুকু বলেন, "২০০৫ সালে বিশ্ববিদ্যালয় সিনেট সর্বসম্মতভাবে খালেদা জিয়ার নামে হল করার সিদ্ধান্ত নেয়। কিন্তু আমরা জানতে পেরেছি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরকারের হস্তক্ষেপে হলটির নামকরণ পরিবর্তন করেছে।"
৭ দফা দাবিতে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ছিলো ছাত্রদলের। তবে পুলিশি বাধার কারণে তারা মিছিল নিয়ে ক্যাম্পাসে ঢুকতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪১৫ ঘ.
bdnews24