২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ জুলাই হরতাল ডেকেছে ইসলামী আন্দোলন

সংবিধানে 'আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস' এ কথাটি অবিকৃতভাবে রাখাসহ কয়েকটি দাবিতে আগামী ১০ জুলাই সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে চরমোনাই পীর নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2011, 07:29 AM

Updated : 24 Aug 2022, 03:27 PM

ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানে 'আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস' এ কথাটি অবিকৃতভাবে রাখাসহ কয়েকটি দাবিতে আগামী ১০ জুলাই সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে চরমোনাই পীর নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে দলের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)। হরতালের আগে ১ জুলাই চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশ, ৪ ও ৫ জুলাই সব উপজেলায় এবং ৭ ও ৮ জুলাই সব জেলায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছে দলটি। একই দাবিতে মঙ্গলবার সংসদের স্পিকারের কাছে স্মারকলিপিও দিয়েছে তারা। রেজাউল করীম বলেন, সরকারের কর্মকাণ্ডে মনে হচ্ছে, তাদের প্রতিপক্ষ একমাত্র ইসলাম। তারা আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস তুলে ঈমান ধ্বংস করতে চায়। "আওয়ামী লীগ তাদের নির্বাচনী ইশতেহারে বলেছিলো, ক্ষমতায় গেলে ইসলামবিরোধী কোনো আইন করবে না। তবে বর্তমান শুধু ইসলাম ও কোরআন-সুন্নাহ বিরোধী আইনই হচ্ছে না, বরং রাষ্ট্রীয়ভাবে গোটা ইসলাম এবং কোরআন-সুন্নাহই নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে", বলেন তিনি। বর্তমান সরকার সংবিধান সংশোধনের যে উদ্যোগ নিয়েছে, তাতে রাষ্ট্রধর্ম ইসলাম ও 'বিসমিল্লাহ....' থাকছে। যার সমালোচনা করে আসছে বামপন্থী দলগুলো। চরমোনাই পীর বলেন, "জনমত উপেক্ষা করে সংবিধানের মূলনীতি থেকে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস কথাটি উঠিয়ে তদস্থলে ধর্মনিরপেক্ষতা প্রতিস্থাপন করা হলে দেশবাসী তা মেনে নেবে না।" নারী নীতি ও শিক্ষা নীতি বাতিল করার দাবিও রয়েছে তাদের। সংবাদ সম্মেলনে দলের মহাসচিব ইউনুছ আহমাদ, সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, প্রচার সম্পাদক আহমদ আবদুল কাইয়ূম, ঢাকা মহানগরীর সভাপতি এটিএম হেমায়েতউদ্দিনও ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/১৪৩০ ঘ.