২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধী দলের সহযোগিতা চাইলেন কামরুল

গণতন্ত্র শক্তিশালী করতে বিরোধী দলের সহযোগিতা চেয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। এজন্য বিরোধী দলকে সংসদে সংসদে ফেরার আহ্বান জানিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2011, 07:00 AM

Updated : 24 Aug 2022, 03:27 PM

ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণতন্ত্র শক্তিশালী করতে বিরোধী দলের সহযোগিতা চেয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। এজন্য বিরোধী দলকে সংসদে সংসদে ফেরার আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় প্রতিমন্ত্রী বলেন, "দেশের শাসন ক্ষমতা যেন আর কোনো অপশক্তি গ্রহণ না করতে পারে সেজন্য গণতন্ত্রকে শক্তিশালী করতে বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন।" সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের উদ্যোগ নেওয়ায় সরকার ও বিরোধী দল মুখোমুখি অবস্থান নিয়েছে। সরকারি দল এ বিষয়ে বিএনপিকে সংসদে গিয়ে তাদের প্রস্তাব উত্থাপনের আহ্বান জানালেও বিরোধী দল সংসদ বর্জনের পথ থেকে এখনো সরেনি। ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতা কামরুল বলেন, "তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের ইস্যুতে হরতাল ডেকে নৈরাজ্য সৃষ্টি করলে কোনো ছাড় দেওয়া হবে না। তবে এই ইস্যুতে বিরোধী দল আলোচনায় এলে সরকার তাদের কথা গুরুত্ব দিয়ে বিবেচনা করবে।" "উচ্চ আদালত সংবিধানের ত্রয়োদশ সংশোধী তথা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা না রাখার জন্য বলেছে, তবে আদালত এ-ও বলেছে আলাপ-আলোচনার মাধ্যমে দুই মেয়াদে এ সরকার ব্যবস্থা রাখা যেতে পারে। তাই বিরোধী দলকে সংসদে এসে আলোচনায় অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি", বলেন তিনি। ১০ ট্রাক অস্ত্র চোরাচালান এবং ২১ অগাস্টের গ্রেনেড হামলায় জড়িতদের বিচার করার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, "এসব ঘটনায় তারেক-বাবরসহ যত বড় অপরাধীরা জড়িত থাক না কেন, তাদের কাঠগড়ায় দাঁড় করানো হবে।" 'তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে হরতাল-নৈরাজ্য: যুদ্ধাপরাধীদের বিচারে বাধাগ্রস্ত করার অপচেষ্টা' শীর্ষক এ সভার আয়োজন করে 'আমরা মুক্তিযোদ্ধার সন্তান'। এতে আরো বক্তব্য দেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এমএ করিম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/১২৫৫ ঘ.