২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার হঠাতে জরুরি সমন্বিত আন্দোলন: আজহার

জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বলেছেন, সরকার পতনে সামগ্রিক আন্দোলন শুরু করা প্রয়োজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2011, 05:52 PM

Updated : 24 Aug 2022, 03:26 PM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বলেছেন, সরকার পতনে সামগ্রিক আন্দোলন শুরু করা প্রয়োজন। সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম মঙ্গলবার বলেন, "দেশ সামগ্রিকভাবে মহাসংকটে পড়েছে। সরকার দেশের স্বার্থের অনুকূলে কাজ না করে বিদেশি প্রভূদের অ্যাজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত।" রাজধানীর পুরানা পল্টনে দলের ঢাকা মহানগরী অফিস চত্বরে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। জ্বালানি তেল, সিএনজির মূল্যবৃদ্ধি এবং দলের আমীর মতিউর রহমান নিজামীকে ১০ ট্রাক অস্ত্র মামলায় অভিযুক্ত করার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়। সরকার ষড়যন্ত্রের মাধ্যমে মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে ১০ ট্রাক অস্ত্র মামলা দিয়ে তার চরিত্র হনন করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন দলের ঢাকা মহানগরীর সেক্রেটারি জেনারেল সংসদ সদস্য এ এইচ এম হামিদুর রহমান আযাদ। গত রোববার নিজামী, সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও এনএসআইর সাবেক দুই প্রধানসহ নতুন ১১ জনের নাম আসামির তালিকায় যোগ করে ১০ ট্রাক অস্ত্র মামলায় সম্পূরক অভিযোগপত্র দাখিল করে সিআইডি। সমাবেশে আরো বক্তব্য দেন- সহকারী সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান, ঢাকা মহানগরীর সভাপতি রফিকুল ইসলাম খান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এএল/পিডি/২৩৪৭ ঘ.