ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প থাকলে সংসদে এসে প্রস্তাব দিতে বিএনপির প্রতি আবারো আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিরোধী দলকে সংসদে আসার আহ্বান জানিয়ে তিনি মঙ্গলবার বলেন, "আমাদের তিন-চতুর্থাংশ মেজরিটি আছে। এই বিল পাশ করলেও আপনারা ন্যায্য কথা বললে, আমরা তা বিবেচনা করবো। কারো কথায় না ভুলে গণতন্ত্রকে ধ্বংসের পথে নিয়ে যাবেন না।"
অবৈধভাবে কাউকে ক্ষমতা দখলের সুযোগ করে দেওয়া হবে না- এ কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, "আমরা কি সেই সুযোগ করে দেব? আমরা সেই সুযোগ করে দেব না? যারা এখন বিদেশে আছে। তারা দেশে আসবে। জোট পাকাবে। গণতন্ত্র ধ্বংস করবে। আমরা কি তা হতে দেব ? তা হতে দেব না।"
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন, "আমরা সংসদীয় গণতন্ত্র এনেছি। এখানে কাউকে নাক গলাতে দেবো না। সংসদ সব কাজের কেন্দ্রবিন্দু। যা কিছু করবে জনপ্রতিনিধিরা করবে।"
সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে মঙ্গলবার রাতে শেখ হাসিনা এসব কথা বলেন।
আগামী অর্থবছরে অপ্রদর্শিত আয় পুঁজিবাজারে বিনিয়োগের জন্য ব্যবস্থা নিতে অর্থমন্ত্রীর প্রতি অনুরোধ জানান প্রধানমন্ত্রী।
বিএনপির অনুপস্থিতিতে সংবিধান সংশোধন বিষয়ক সংসদীয় বিশেষ কমিটির তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ ৫১টি সুপারিশ সম্বলিত প্রস্তাব বিল আকারে সংসদে উত্থাপিত হয়েছে শনিবার।
এর আগে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আদালতের রায় অনুযায়ী এ ব্যবস্থা রাখার কোনো সুযোগ নেই।
তবে প্রধান বিরোধী দল বিএনপি রায়ের পর থেকেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলে 'সরকারের পরিকল্পনার' তীব্র প্রতিবাদ জানিয়ে আসছে। দলটির চেয়ারপার্সন খালেদা জিয়াসহ বেশ কয়েকজন শীর্ষনেতা ইতোমধ্যে বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা যাবে না।
'
এভাবে ধৈর্য ধরে কেউ করেনি'
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে ছয়বার এবং এইচএম এরশাদের শাসনামলে চারবার সংবিধান সংশোধনের বিষয়টি উল্লেখ করে শেখ হাসিনা এবারের সংবিধান সংশোধনের দীর্ঘ প্রক্রিয়া তুলে ধরেন।
সংসদ নেতা হাসিনা বলেন, "আমরা যে প্রক্রিয়ায় করেছি, এভাবে ধৈর্য ধরে কেউ কাজ করেনি। গত বছরের ২১ জুলাই সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন করা হয়। সব শ্রেণী পেশার ও রাজনীতিবিদদের সঙ্গে মতবিনিময় করে এই কমিটি চলতি বছরের ৮ জুন রিপোর্ট দিয়েছে।"
বিরোধীদলীয় নেতাকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, "উনি অবাধ সুষ্ঠু নির্বাচন কীভাবে চান- বলুক? স্বীকার করুক ২০০৮-এর নির্বাচন উত্তম হয়েছে। ২০০৮ সালে [নির্বাচন] অবাধ সুষ্ঠু হয়েছে- উনি তো তা স্বীকার করেন না। আবার, তত্ত্বাবধায়ক সরকার চাইবেন।"
মাগরিবের নামাজের বিরতির পর সন্ধ্যা ৭টা ১৯ মিনিটে শেখ হাসিনা তার বক্তব্য শুরু করেন। প্রায় এক ঘণ্টা ১০ মিনিট তিনি বক্তব্য দেন।
'
২০২১ সালের বাংলাদেশকে মাথায় রেখে বাজেট'
২০১১-১২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, "২০২১ সালে কী ধরনের বাংলাদেশ দেখতে চাই তার ওপর ভিত্তি করেই এই বাজেট দেওয়া হয়েছে। গ্রামের মানুষের জন্য উন্নত জীবন নিশ্চিত ও দারিদ্র নিরেেনর জন্যই এই বাজেট।
"১০টি মন্ত্রণালয়কে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। একটি সার্বিক উন্নয়নে প্রাধান্য দিয়েছি। মানুষের উন্নয়ন আমাদের দর্শন। এই দর্শন থেকেই আমাদের এই বাজেট।"
গত ৯ জুন আগামী অর্থবছরের জন্য এক লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব সংসদে উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
যারা প্রস্তাবিত উচ্চভিলাসী বলেন, তাদের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, "বাংলাদেশ নিয়ে আমাদের অনেক স্বপ্ন আছে। উন্নত বিশ্বের সঙ্গে আমরা তাল মিলিয়ে এগিয়ে যেতে চাই। এই উচ্চাভিলাস আমার বা দলের উচ্চাভিলাস নয়। সমগ্র জাতির জন্য উচ্চাভিলাস।"
শেখ হাসিনা বলেন, "গত বাজেটের সময়ও বলা হয়েছিলো- এই বাজেট বাস্তবায়ন হবে না। এই মন্ত্রিসভা স্মার্ট নয়। আগের বাজেটের সময়ও অনেক সমালোচনা হয়েছিলো। আমার মন্ত্রীরা দুনীতিতে স্মার্ট না, কাজে স্মার্ট।"
আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় প্রধান বিরোধী দল বিএনপি সোমবার বলেছে, অর্থায়নে অনিশ্চয়তা এবং বিনিয়োগবান্ধব না হওয়ায় হওয়ায় প্রস্তাবিত বাজেট বাস্তবায়নযোগ্য নয়।
বিশ্ব ব্যাংকের মতে, এ বাজেট উচ্চাভিলাসী হলেও বাস্তবায়নযোগ্য।
প্রধানমন্ত্রী বলেন, "আমরা চেষ্টা করছি মূল্য নিয়ন্ত্রণ করতে। কর্ম সংস্থানের ব্যবস্থা করে যাচ্ছি আমরা। দু'বছরে ১০ শতাংশ দারিদ্র হ্্রাস হয়েছে।"
খাদ্য-শস্যের জন্য বিদেশের ওপর নির্ভরতা কমানোর ওপর গুরুত্ব আরোপ করেন শেখ হাসিনা।
গত ২২ জুন প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এক জরিপে বলা হয়, ২০০৫ থেকে ২০১০ সালের মধ্যে দারিদ্র্যের হার আট দশমিক পাঁচ শতাংশ কমেছে।
আগামীতে ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন শেখ হাসিনা।
বিদ্যুত সমস্যা সমাধানে সরকারের উদ্যোগের বিষয়টি তুলে ধরে তিনি।
প্রধানমন্ত্রী বলেন, "১৯২২ মেগাওয়াট বিদ্যুত আমরা দু'বছরে যোগ করেছি। ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আনবো। নেপাল, ভুটান ও মায়ানমারের সঙ্গে আলোচনা করছি।"
"ইন্টার্নি করে এক বছর গ্রামে থাকতে হবে। না হলে সার্টিফিকেট দেওয়া হবে না। আগামীতে এটা করবো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/পিডি/২২২৩ ঘ.
bdnews24