২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির বৃহত্তর কর্মসূচি আসছে ৩ জুলাই

কেন্দ্রীয় নেতাদের গণসংযোগ শেষ হলে আগামী ৩ জুলাই বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে প্রধান বিরোধী দল বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2011, 12:47 PM

Updated : 24 Aug 2022, 03:26 PM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেন্দ্রীয় নেতাদের গণসংযোগ শেষ হলে আগামী ৩ জুলাই বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে প্রধান বিরোধী দল বিএনপি। মঙ্গলবার বিকালে নয়া পল্টনে পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের উদ্যোগের প্রতিবাদে এ সমাবেশ থেকেই আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণার কথা ছিল বিএনপির। সমাবেশে ভারপ্রাপ্ত মহাসচিব দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, "লাগাতার কর্মসূচির জন্য প্রস্তুতি নিন। বৃহত্তর আন্দোলনের জন্য এখন কেন্দ্রীয় নেতারা জেলায় জেলায় গণসংযোগ চালাচ্ছেন। এটা ২ জুলাই পর্যন্ত চলবে। আগামী ৩ জুলাই বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। এজন্য সবাই তৈরি হোন।" এ সময় উপস্থিত নেতা-কর্মীরা 'হরতাল, হরতাল' বলে শ্লোগান দিতে থাকেন। জ্বালানি তেল ও গ্যাসের দাম বৃদ্ধি এবং যানবাহনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার ঢাকাসহ সারাদেশে এই কর্মসূচি পালন করে বিএনপি। ঢাকায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। নেতা-কর্মীদের হরতালের দাবির পক্ষে মত প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, একটু ধৈর্য ধরতে হবে। হরতাল করারও কিছু নিয়ম রয়েছে। ধাপে ধাপে সেই কর্মসূচিতে আমরা যাবো। তিনি হরতালের পক্ষে নেতা-কর্মীদের সমর্থন আছে কি না জানতে চাইলে উপস্থিত সবাই হাত তুলে 'হরতাল চাই' শ্লোগান দিতে থাকেন। এ সময় মির্জা ফখরুল তাদের উদ্দেশে বলেন, "আপনারা হরতাল কর্মসূচি চান। হরতাল হবে। ওই কর্মসূচির জন্য তৈরি হোন।" ভারপ্রাপ্ত মহাসচিবের এই বক্তব্যের সময় তেল-গ্যাস খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির একটি মিছিল কেন্দ্রীয় কার্যালয়ের উত্তর দিকের রাস্তা অতিক্রমের সময় বিএনপির নেতা-কর্মীরা করতালি দিয়ে তাদের স্বাগত জানান। দলের কর্মীদের করতালি দিতে অনুরোধ জানিয়ে মির্জা ফখরুল বলেন, "আজ আমরা একা নই। আরও অনেকে এ সরকারের স্বৈরাচারী কর্মকাণ্ডের বিরুদ্ধে রাস্তায় নেমেছে।" তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের উদ্যোগের প্রতিবাদে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ জোটের শরিক দলগুলো গত ৫ জুন সকাল-সন্ধ্যা এবং পরে ১২ ও ১৩ জুন টানা ৩৬ ঘণ্টার হরতাল কর্মসূচি পালন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৮৫৯ ঘ.