২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়াদ শেষের নির্দিষ্ট সময় আগে নির্বাচনের বিধান আগেও ছিলো

পূর্ববর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে সংসদ নির্বাচনের বিধান আগে থাকলেও তা হতে দেখা যায়নি। মেয়াদ শেষের নির্দিষ্ট সময় আগে একটি মাত্র নির্বাচন হলেও তা ছিলো অন্য কারণে বিতর্কিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2011, 05:57 AM

Updated : 24 Aug 2022, 03:26 PM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পূর্ববর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে সংসদ নির্বাচনের বিধান আগে থাকলেও তা হতে দেখা যায়নি। মেয়াদ শেষের নির্দিষ্ট সময় আগে একটি মাত্র নির্বাচন হলেও তা ছিলো অন্য কারণে বিতর্কিত। ১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মধ্য দিয়ে পূর্ববর্তী সরকারের মেয়াদ ফুরোনোর পরবর্তী ৯০ দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের বিধান হয়। এখন সংবিধান সংশোধনের মাধ্যমে আবার মেয়াদ শেষ হওয়ার আগে নির্বাচনের বিধান যোগ হতে যাচ্ছে। নির্বাচন কমিশন বলছে, স্থানীয় নির্বাচনে মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন হয়। কিন্তু সংসদ নির্বাচনে পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করার চর্চা হয়নি। সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাস হলে মেয়াদ শেষের আগের তিন মাসের মধ্যে নির্বাচন হবে নতুন অভিজ্ঞতা। শনিবার সংবিধান (পঞ্চদশ সংশোধন) আইন- ২০১১ বিল সংসদে উত্থাপিত হয়। বিলটি পরীক্ষা নিরীক্ষার জন্য সংসদীয় স্থায়ী কমিটিতে রয়েছে। বিলের ৪১ নম্বর প্রস্তাবে বাহাত্তরের সংবিধানের ওই ধারাটি প্রতিস্থাপিত করার কথা বলা হয়েছে। নির্বাচন অনুষ্ঠানের সময় বিষয়ে বাহাত্তরের সংবিধানের ১২৩ অনুচ্ছেদের ৩ নম্বর দফায় বলা হয়, সংসদ সদস্যদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হইবে (ক) মেয়াদ অবসানের কারণে সংসদ ভাঙ্গিয়া যাইবার ক্ষেত্রে ভাঙ্গিয়া যাইবার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে; (খ) মেয়াদ অবসান ব্যতীত অন্য কোনো কারণে সংসদ ভাঙ্গিয়া যাইবার ক্ষেত্রে ভাঙ্গিয়া যাইবার পরবর্তী ৯০ দিনের মধ্যে। ১৯৯৬ সালের ২৬ মার্চ ত্রয়োদশ সংশোধনীতে ১২৩ অনুচ্ছেদের ৩ নম্বর দফায় সংশোধন এনে প্রতিস্থাপিত হয় এভাবে- '(৩) মেয়াদ অবসানের কারণে অথবা মেয়াদ অবসান ব্যতীত অন্য কোনো কারণে সংসদ ভাঙ্গিয়া যাইবার পরবর্তী ৯০ দিনের মধ্যে সংসদ-সদস্যদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হইবে।' দেশে প্রথম সংবিধান প্রণয়নের পর প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭৩ সালে। এরপর সামরিক শাসনের কারণে মেয়াদ শেষের পূর্ববর্তী তিন মাসের মধ্যে সংসদ নির্বাচনের বিষয়টি কার্যকর হয়নি। '৯০ এর গণঅভ্যূত্থানের মধ্য দিয়ে সামরিক শাসনের অবসানের পর ১৯৯১ সালের ২৭ ফেব্র"য়ারির নির্বাচনে বিএনপি ক্ষমতায় যায়। তাদের মেয়াদ শেষ হওয়ার আগে সংসদ ভেঙ্গে দেওয়ার পর ১৯৯৬ সালের ১৫ ফেব্র"য়ারি নির্বাচন হয়। তবে আওয়ামী লীগসহ বিরোধী দলগুলো সে নির্বাচন বর্জন করায় তা দেশে-বিদেশে কোথাও গ্রহণযোগ্যতা পায়নি। কয়েকদিনের জন্য বসা ওই সংসদেই আন্দোলনের চাপে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পাস হয়। আর তার চার মাসের মধ্যে সাংবিধানিকভাবে স্বীকৃত নির্দলীয় সরকারের অধীনে হয় পরবর্তী সাধারণ নির্বাচন। ১৯৯৬ সালে সংসদ ভেঙে নির্বাচন হলেও পঞ্চদশ সংশোধনে সংসদ বহাল রেখেই নির্বাচনের সুপারিশ করা হয়েছে। প্রস্তাবিত বিলের সংশ্লিষ্ট দফার বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পঞ্চদশ সংশোধনী পাস হলে মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে সাধারণ নির্বাচন হবে। সাংবিধানিকভাবে নির্বাচন কমিশন ওই নির্বাচন অনুষ্ঠান করবে।" এ পর্যন্ত যত নির্বাচন ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন) মিহির সারওয়ার মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দেশে প্রথম সংসদ নির্বাচন হয় ৭ মার্চ ১৯৭৩, দ্বিতীয়টি হয় ১৯৭৯ সালের ২৮ ফেব্র"য়ারি, তৃতীয়টি হয় ১৯৮৬ সালের ৭ মে, চতুর্থটি হয় ১৯৮৮ সালের ৩ মার্চ, পঞ্চমটি হয় ১৯৯১ সালের ২৭ ফেব্র"য়ারি এবং ১৯৯৬ সালের ১৫ ফেব্র"য়ারি ষষ্ঠ সংসদ নির্বাচন হয়। ত্রয়োদশ সংশোধনীর অধীনে ১৯৯৬ সালের ১২ জুন সপ্তম সংসদ নির্বাচন, ২০০১ সালের ১ অক্টোবর অষ্টম এবং সর্বশেষ ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম সংসদ নির্বাচন হয়। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে সংসদ নির্বাচন করার গণতান্ত্রিক যাত্রা না হওয়ায় অনেকের কাছে তা একেবারেই নতুন মনে হতে পারে। অন্তবর্তীকালীন সরকার থাকুক বা অন্য যে কোনোভাবে থাকুক- সাংবিধান, নির্বাচনী আইনে নির্বাচন অনুষ্ঠান, প্রার্থী, আচরণবিধিতে করণীয় বিষয়ে সুস্পষ্ট করা রয়েছে। সদ্য বিলুপ্ত সংবিধান সংশোধনে বিশেষ কমিটির কো চেয়ারম্যান এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, একটি নির্বাচিত সরকার আকেটি নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তর করবে- এটাই গণতান্ত্রিক চর্চা, এটা সবার কামনা। মেয়াদ শেষের ৯০ দিনে সংসদ বসবে না নির্বাচনের সময় সংসদ না ডাকার বিধান পঞ্চদশ সংশোধনীতে যোগ করতে সুপারিশ করছে আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রস্তাবিত পঞ্চদশ সংবিধান সংশোধনের বিলে মেয়াদ শেষের পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে সংসদ ডাকার (৬০ দিন বিরতিতে) বাধ্যবাধকতা প্রযোজ্য হবে না-এ ধরনের শর্ত যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। গত শনিবার সংবিধান (পঞ্চদশ সংশোধন) আইন, ২০১১ বিল সংসদে উত্থাপিত হয়। বিলটি পরীক্ষা নিরীক্ষার জন্য স্থায়ী কমিটিতে রয়েছে। দুই সপ্তাহের মধ্যে তা পরীক্ষা নিরীক্ষা করে প্রতিবেদন সংসদে উপস্থাপনের কথা রয়েছে। সংবিধানের ৭২ অনুচ্ছেদে বলা রয়েছে, সংসদের এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ৬০ দিনের অতিরিক্ত বিরতি থাকিবে না। এক প্রশ্নের জবাবে মতিন খসরু বলেন, নির্বাচনের সময়কার ৯০ দিনে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদ বহাল থাকলেও তারা রুটিন কাজের বাইরে কিছু করবেন না। এটি পাস হলে মেয়াদের শেষ তিন মাসে সংসদ বহাল থাকলেও সরকার রুটিন কাজের বাইরে আইন প্রণয়ন, প্রকল্প গ্রহণ বা কোনো নথিতে স্বাক্ষর করতে পারবে না। সব কিছু পরিচালনা হবে নির্বাচন কমিশনের নির্দেশে। "সে হিসাবে প্রশাসনের ওপর সরকারের কোনো প্রভাব থাকবে না। দলীয় সরকারের অধীনে নির্বাচন হলেও সব ক্ষমতা নির্বাচন কমিশনের থাকবে বলে নির্বাচনে কোনো পক্ষপাতিত্বের অভিযোগ আসবে না ", বলেন খসরু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১১৪৫ ঘ.