ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের উদ্যোগের প্রতিবাদে আন্দোলনের নতুন কর্মসূচি আসছে বিএনপির।
মঙ্গলবার বিকালে নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিএনপির পূর্বঘোষিত সমাবেশ হবে।
এ সমাবেশেই পরবর্তী কর্মসূচি ঘোষণার কথা আগেই জানিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কী কর্মসূচি দেওয়া হবে, তা বিএনপি নেতারা স্পষ্ট করে না বললেও বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে কয়েকটি সংবাদপত্র বলছে, ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি দেওয়া হতে পারে।
সরকারি দলের পক্ষ থেকে বিএনপিকে সংসদে তাদের প্রস্তাব তুলে ধরার আহ্বান জানানো হলেও এখন পর্যন্ত তাতে সাড়া মেলেনি।
একই দাবিতে এ মাসের শুরুতেই দুদিনের হরতাল ডেকেছিলো বিএনপি। গত সপ্তাহে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে মুদ্রাপাচার মামলায় সাজা দেওয়ার পর আন্দোলন আরো চাঙা করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিরোধী দল।
মঙ্গলবারের সমাবেশ হবে জ্বালানি তেল, গ্যাসের মূল্য বৃদ্ধি ও যানবাহনের ভাড়া বাড়ানোর প্রতিবাদে। ঢাকার বাইরেও এ কর্মসূচি পালন হবে।
নয়া পল্টনের কার্যালয়ের সামনে সমাবেশ বিকাল ৪টায় হবে বলে বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
গত ১৬ জুন বিভিন্ন দাবিতে তিন দিনের বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করে বিএনপি।
সার, বীজ, কীটনাশক এবং কৃষি উপকরণের দাম বাড়ানোর প্রতিবাদে ২১ জুন এবং পুঁজিবাজারে কারসাজির জন্য দায়ীদের বিচার দাবিতে ২৩ জুন সমাবেশ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১১০০ ঘ.
bdnews24