২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পর্যায়ক্রম ইভিএম চালুর প্রস্তাব বাসদের

পর্যায়ক্রমে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) চালুর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2011, 02:12 PM

Updated : 24 Aug 2022, 03:25 PM

ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পর্যায়ক্রমে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) চালুর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)। সোমবার নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে এ মত দেয় দলটি। দলের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, "ইভিএম প্রক্রিয়া সম্পূর্ণ ত্র"টিমুক্ত- এমন নিশ্চিত প্রমাণ এখনো পাওয়া যায়নি। গণতান্ত্রিক সংস্কৃতি ও সত্যিকারের গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে শক্তিশালী করাই আসল কথা। তারপরও আমরা ইভিএমের পরীক্ষামূলক কার্যক্রম চালিয়ে যাওয়াকে সমর্থন করি।" পাশাপাশি জনতহবিলের অর্থ নগদ না দিয়ে নির্বাচনী উপকরণ সরবরাহ ও নির্বাচনী ব্যয় ১০ লাখ টাকা রাখার সুপারিশ করে দলটি। এর বাইরে সাত সদস্যের নির্বাচন কমিশন গঠন, নির্বাচনী বিরোধ মেটাতে পৃথক আদালত গঠন, দ্রুত ডিসিসি নির্বাচন আয়োজনেরও পরামর্শ দিয়েছে। প্রতিনিধি দলের সদস্য মুবিনুল হায়দার চৌধুরী, শুভ্রাংশ চক্রবর্তী, বজলুর রশীদ ফিরোজ, জাহেদুল হক মিলু ও রাজেকুজ্জামান রতন সংলাপে অংশ নেন। 'নারায়ণগঞ্জে পরীক্ষামূলক ইভিএম' বাসদের আলোচনার পরিপ্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা জানান, নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে প্রতিষ্ঠার ১৮০ দিনের (ডিসেম্বরের) মধ্যে নির্বাচন করার উদ্যোগ নেওয়া হবে। সেখানে কিছু ওয়ার্ডের কেন্দ্রে পরীক্ষামূলক ইভিএম পদ্ধতিতে ভোট হবে বলেও জানান তিনি। সংলাপের সময় নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, এম সাখাওয়াত হোসেনও উপস্থিত ছিলেন। মঙ্গলবার বাংলাদেশ তরিকত ফেডারেশন ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের সঙ্গে সংলাপসূচি রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/২০০৮ ঘ.