ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি বলেছে, অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করতে তারা যে কোনো পদক্ষেপের পক্ষে। তবে সম্ভাব্যতা সমীক্ষা ছাড়া তারা ভারতকে ট্রানজিট দেওয়ার পক্ষে নয়।
সোমবার বিকালে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর দলের প্রতিক্রিয়া জানাতে গিয়ে এ কথা জানান স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার।
তিনি বলেন, "আমরা অর্থনৈতিক উন্নয়নে কোনো কিছুর বিরুদ্ধে নই। বিএনপি চায় জনগণের কল্যাণ। কিন্তু ভারতে ট্রানজিট দেওয়ার আগে সরকারের পক্ষ থেকে কোনো সম্ভাব্যতা সমীক্ষা করা হয়নি।
"আমাদের নিরাপত্তা, সড়ক অবকাঠামো, অর্থনৈতিক লাভ-লোকসান যাচাই করে দেশের ওপর এর কোনো প্রভাব পড়বে কি না- তা দেখতে হবে।''
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়।
এক প্রশ্নের জবাবে এই সাবেক কৃষিমন্ত্রী বলেন, "ট্রানজিট দিলে কী প্রতিক্রিয়া হতে পারে, তা পরীক্ষা-নিরীক্ষার বিষয় রয়েছে। সরকার এরকম কোনো সম্ভাব্যতা যাচাই করেছে কি না আমার জানা নেই।
"আমাদের চেয়ারপার্সন নিউইয়র্ক সফরে বলেছেন, ভারতের সঙ্গে সমতার ভিত্তিতে সুসম্পর্ক রাখতে চান। কিন্তু বর্তমান সরকার কী করছে, তা আপনারাই দেখছেন।"
"ভারত সবই পেয়ে গেছে। কিন্তু বাংলাদেশ গঙ্গাসহ বিভিন্ন নদীর ন্যায্য হিস্যা পায়নি। এখন তারা ট্রানজিটও দিয়ে দিচ্ছে।"
ট্রানজিট দেওয়ার আগে জাতীয় নিরাপত্তা, স্বাস্থ্য, পরিবেশ ও সড়ক অবকাঠামোর ওপর কী প্রভাব পড়তে পারে, তা পর্যালোচনা করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, "প্রাথমিক ধারণা থেকে বলা হয়, ভারতকে ট্রানজিট দিতে হলে বাংলাদেশের সড়ক অবকাঠামো নির্র্মাণে ছয় বিলিয়ন ডলার খরচ হবে। অবকাঠামোর রক্ষাণাবেক্ষণের জন্য প্রতিবছর অতিরিক্ত দেড় বিলিয়ন ডলার ব্যয় হবে। শুধু অর্থনৈতিক বিবেচনায় আমি মনে করি, ট্রানজিট কোনোভাবে বাংলাদেশের জন্য লাভজনক নয়।"
বাজেট প্রতিক্রিয়ায় লিখিত বক্তব্যে এম কে আনোয়ার বলেন, "অর্থমন্ত্রী সুইজারল্যান্ডের মতো বাংলাদেশকে ট্রানজিট পরিবহন দেশ বানানোর আশাবাদ ব্যক্ত করেছেন।
"এই ট্রানজিট বাংলাদেশের ভৌত অবকাঠামো, রপ্তানি, নিরাপত্তার ওপর কি প্রভাব পড়বে- তা বিবেচনা করা না হলে বাংলাদেশ সুইজারল্যান্ড না হয়ে সিকিম হয়ে যেতে পারে।"
ট্রানজিট ফি আদায়ের বিধি অর্থমন্ত্রী নিজেই বাতিল করে দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত চলতি অর্থবছরের বাজেটে পণ্যবাহী কার্গোর ক্ষেত্রে প্রতি টনে এক হাজার টাকা এবং প্রতি কন্টেইনারে ১০ হাজার টাকা মাসুল আরোপের প্রস্তাব করেছিলেন। অবশ্য পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়।
আনোয়ার বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থার বিধি অনুযায়ী ট্রানজিট ফি বা মাশুল আদায় করা হলে জনগণের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানোর প্রয়োজন হতো না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএসজেড/এএল/পিডি/২০০৩ ঘ.
bdnews24