ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মগবাজারে অটো রিকশায় আগুন দিয়ে ফারুক হোসেন নামে এক ব্যক্তিকে পুড়িয়ে হত্যার মামলায় ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি রেজাউল করিমকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।
গোয়েন্দা পুলিশের আবেদনে সোমবার ঢাকার মহানগর হাকিম তানভীর আহম্মেদ হেফাজতের এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফজলুল হক জিজ্ঞসাবাদের জন্য রেজাউলকে ১০ দিন হেফাজতে চাইলেও ছয় দিন কম পেয়েছেন।
গতবছরের ২৬ জুন বিএনপির হরতালের আগের দিন রাজধানীর মগবাজার রেল ক্রসিংয়ে একটি গাড়িতে আগুন দেওয়া হলে আহত হন ফারুক। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।
ওই ঘটনায় রমনা মডেল থানার উপপরিদর্শক মো. শাহেদ আল মামুন বাদি হয়ে মামলা করেন।
এ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, জামায়াতে ইসলামীর সহকারী সাধারণ সম্পাদক আব্দুল কাদের মোল্লাসহ ১৬ জনকে আসামি করা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে গত বছরের ১৬ ডিসেম্বর এ মামলাতেই প্রথম গ্রেপ্তার করা হয়।
রাঙ্গুনিয়ার একটি মামলায় গ্রেপ্তার রেজাউলকে রমনা থানার এ মামলায় গ্রেপ্তার দেখাতে ২১ জুন আবেদন করে গোয়েন্দা পুলিশ। রোববার এ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার তাকে আদালতে হাজির করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৯৪০ ঘ.
bdnews24