২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির চিঠির জবাব দেবে ইসি

বর্তমান নির্বাচন কমিশনকে বিতর্কিত আখ্যা দিয়ে বিএনপির পাঠানো চিঠির জবাব দিচ্ছে নির্বাচন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2011, 11:54 AM

Updated : 24 Aug 2022, 03:26 PM

ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান নির্বাচন কমিশনকে বিতর্কিত আখ্যা দিয়ে বিএনপির পাঠানো চিঠির জবাব দিচ্ছে নির্বাচন কমিশন। সংলাপের আমন্ত্রণ প্রত্যাখ্যান করে গত সপ্তাহে বিএনপি এক চিঠিতে বর্তমান নির্বাচন কমিশনের সমালোচনা করে। এ বিষয়ে সোমবার প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা সাংবাদিকদের বলেন, "একটি প্রতিষ্ঠান সম্পর্কে যে সব অভিযোগ তারা (বিএনপি) এনেছে, তার কোনো ভিত্তি নেই। তাদের অভিযোগের বিষয়ে আমাদের যুক্তি দলটিকে জানানো উচিত বলে মনে করছি।" এ জন্য বিএনপিকে চিঠি পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। গণপ্রতিনিধিত্ব আদেশের আরো সংশোধন, ইভিএম চালুসহ বিভিন্ন বিষয়ে মতামত নিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ মাসের শুরু থেকে সংলাপ করছে ইসি। বিএনপি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে পাঠানো চিঠিতে বলে, "মেয়াদের শেষ সময়ে এসে বিতর্কিত এ কমিশনের আগামী নির্বাচন নিয়ে আইন ও বিধি সংস্কার প্রণয়ণের উদ্যোগ না নিয়ে পরবর্তী কমিশনের জন্য রেখে যাওয়াই যথাযথ হবে বলে আমরা মনে করি।" বিএনপির চিঠিতে বলা হয়, "বর্তমান ইসি পক্ষপাতদুষ্ট ও দুর্বল আচরণের মাধ্যমে জনগণের আস্থা হারিয়েছে, সেই কমিশনের সঙ্গে নির্বাচনী আইন প্রণয়ন নিয়ে আলোচনা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্য সাধনে ফলপ্রসূ হবে না।" সিইসি বলেন, "বিএনপি নির্বাচন কমিশনকে বিতর্কিত ও পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ করেছেন। সেই সঙ্গে চিঠিতে কয়েকটি বিষয়ে কথা তুলেছেন। তাদের বক্তব্য তথ্যভিত্তিক নয়। "চিঠির (বিএনপির) প্রতিটি ধারা ধরে আমরা যুক্তি তুলে ধরে প্রত্যুত্তর দেবো। এসব বিষয়ে তাদের জানানো উচিত। তাদের অভিযোগের কোনো ভিত্তি নেই", বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৯৩৫ ঘ.