২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে মিছিল নিয়ে ঢুকতে ছাত্রদলকে বাধা

নির্মাণাধীন খালেদা জিয়া হলের নাম পরিবর্তনের প্রতিবাদসহ ৭ দফা দাবিতে উপাচার্যকে স্মারকলিপি দিতে ছাত্রদলের মিছিল পুলিশের বাধায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2011, 07:40 AM

Updated : 24 Aug 2022, 03:26 PM

ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্মাণাধীন খালেদা জিয়া হলের নাম পরিবর্তনের প্রতিবাদসহ ৭ দফা দাবিতে উপাচার্যকে স্মারকলিপি দিতে ছাত্রদলের মিছিল পুলিশের বাধায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারেনি। সোমবার সকাল সাড়ে ১১টায় শাহবাগ থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসের দিকে যাত্রা শুরু করে ছাত্রদল নেতা-কর্মীরা। তবে তা কয়েক গজ এগোনোর পরই পাবলিক লাইব্রেরির সামনে আটকে দেয় পুলিশ। বাধার মুখে সেখানেই সমাবেশ করে ছাত্রদল। স্মারকলিপি দেওয়ার কর্মসূচি থাকলেও পুলিশের বাধার প্রতিবাদে তা না দেওয়ার সিদ্ধান্ত সমাবেশে জানায় ছাত্রদল নেতারা। সমাবেশে ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু তাদের সাতটি দাবি পড়ে শোনান। তাদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে- বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ছাত্রসংগঠনের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত, হলগুলোতে মেধার ভিত্তিতে সিট বণ্টন, ২০০৯ সালের জানুয়ারি মাসে ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলাকারীদের বিচার, আগামী বাজেট শিক্ষা সহায়ক খাতে বরাদ্দ বৃদ্ধি ইত্যাদি। সমাবেশে ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, ঢাবি শাখার আহ্বায়ক আবদুল মতিন ও যুগ্ম আহ্বায়ক ওবায়দুল হক নাসির বক্তব্য রাখেন। ছাত্রদলকে বাধা দেওয়ার বিষয়ে পুলিশ বলছে, ক্যাম্পাস পরিস্থিতির অবনতি হওয়া ঠেকাতে তারা এ পদক্ষেপ নিয়েছেন। ঢাকা মহানগর পুলিশের পুলিশের রমনা জোনের উপকমিশনার (ডিসি) কৃষ্ণপদ রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কায় আমরা তাদের বলেছি, ক্যাম্পাসে ঢোকা যাবে না।" ছাত্রদলের নেতারা স্মারকলিপি দেওয়ার কথা পুলিশকে জানায়নি বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৩০ ঘ.