ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ছাত্রী হলের নাম 'বেগম খালেদা জিয়া হল' বহাল রাখাসহ ৭ দফা দাবিতে সোমবার উপাচার্যের কাছে স্মারকলিপি দেবে ছাত্রদল।
রোববার নয়াপল্টনে ছাত্রদলের কার্যালয়ে কেন্দ্রীয় কমিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার এক যৌথ সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আবদুল মতিন।
তিনি বলেন, সোমাবার সকাল ১১টায় জাদুঘরের সামনে থেকে বিক্ষোভ মিছিল করে গিয়ে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের কাছে স্মারকলিপি দেওয়া হবে।
ছাত্রদলের অন্য দাবিগুলো হলো- ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ছাত্রসংগঠনের শান্তিপূর্ণ 'রাজনৈতিক' সহাবস্থান নিশ্চিত করা, হলগুলোতে মেধার ভিত্তিতে সিট বণ্টন, ২০০৯ সালের জানুয়ারিতে ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলাকারী 'সন্ত্রাসীদের' বিচার করা এবং আগামী বাজেটে শিক্ষাসহায়ক খাতে বরাদ্দ বৃদ্ধি করা।
২০০৫ সালের ৩০ জুন বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে কার্জন হলের কাছে নির্মাণাধীন হলটির নাম 'বেগম খালেদা জিয়া হল' করার সিদ্ধান্ত হয়। এরপর গত ১১ জুন বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট হলটির নাম বদলে 'কবি সুফিয়া কামাল হল' করে। বিএনপি-জামায়াত সমর্থক সাদা প্যানেলের শিক্ষকদের প্রবল বিরোধিতার মুখে সিন্ডিকেটে সিদ্ধান্তটি গৃহীত হয়।
আগামী ২৮ জুন সিনেট অধিবেশনে এ বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/০১৫২ ঘ.
bdnews24