ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষিখাতে ভর্তুকি কমানোর প্রস্তাবের সমালোচনা করে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, প্রস্তাবিত বাজেট বাস্তবায়নে মুদ্রাস্ফীতি ও প্রশাসনিক ঝুঁকি রয়েছে।
রোববার জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, "মানুষ বাজেট বোঝে না, বাজার বোঝে। মানুষ প্রবৃদ্ধি বোঝে না, বোঝে চাল-ডাল-তেলের দাম।"
বিশ্ববাজারে পণ্যের দাম কমলেও দেশে ব্যাংক ঋণের সুদের হার বেড়েছে বলেও মন্তব্য করেন ইনু।
কৃষিখাতে ভর্তুকি কমানোর সমালোচনা করার পাশপাশি খাদ্য নিরাপত্তার জন্য ২০ লাখ টন মজুদ গড়ে তোলার প্রস্তাব দেন এই বাম নেতা।
তিনি বলেন, "পুরো বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, তবে কিছু নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে মহাপরিকল্পনা নিতে হবে।"
গত ৯ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামী অর্থবছরের জন্য ১ লাখ ৬৩ হাজার ৫৮৯ কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেন। প্রস্তাবিত বাজেটে কৃষিখাতে ভর্তুকির পরিমাণ চলতি অর্থবছরের চেয়ে ১২ শ' কোটি টাকা কমিয়ে ধরা হলেও প্রতিরক্ষা খাতে বরাদ্দ দুই হাজার ৭৭৬ কোটি টাকা বাড়ানোর প্রস্তাব করেছেন তিনি।
বাজেট প্রস্তাবে ২০১১-১২ অর্থবছর শেষে মূল্যস্ফীতির হার ৭.৫ শতাংশে পৌঁছাতে পারে বলে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী। যদিও, চলতি অর্থবছরের গড় মূল্যস্ফীতি ইতোমধ্যে ৮ শতাংশে পৌঁছেছে।
মহাজোট ৬ দশমিক ৪ শতাংশ মূল্যস্ফীতি নিয়ে যাত্রা শুরু করেছিল উল্লেখ করে হাসানুল হক ইনু সংসদের আলোচনায় বলেন, "এখন মূল্যস্ফীতির হার ১০ শতাংশের মতো। খাবার কিনতেই মানুষের সব চলে যাচ্ছে।"
এই বাম নেতার মতে, প্রস্তাবিত বাজেট বাস্তবায়নে মুদ্রাস্ফীতি ও প্রশাসনিক ঝুঁকি রয়েছে। গ্রাম, কৃষক ও নারীর উন্নয়নে গত দুটি বাজেট সুযোগ রাখা হলেও এবারের বাজেট দেখে তার মনে হয়েছে- সরকার পিছু হটেছে।
জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি বলেন, "শেয়ার বাজারে কেলেঙ্কারির প্রেক্ষাপটে বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী। কিন্তু যারা এর জন্য দায়ী, তাদের কারাগারে পুরে এসে তিনি এই বাজেট দেননি। শেয়ার বাজারে এতো ছাড় দিচ্ছেন। কোন এতো ছাড় দিচ্ছেন?"
শেয়ারের মুনাফা থেকে অনেক বিনিয়োগকারী করযোগ্য সীমার চেয়ে বেশি আয় করলেও 'পুঁজিবাজারের স্থিতিশীলতা রক্ষার স্বার্থে' তাদের ক্ষেত্রে আগের মতোই কর অব্যাহতি বহাল রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবদুল মাল আবদুল মুহিত। বিনিয়োগকারীদের টিআইএন প্রদর্শনেরও কোনো বাধ্যবধকতা থাকছে না বলে জানিয়েছেন তিনি।
বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার বলেন, "বিশ্বব্যাপী মন্দা কেটে গেলে পণ্যের চাহিদা বেড়ে যাবে। এতে আমাদের প্রবাসী আয় বাড়বে। তাহলে আর বাজেট ঘাটতি কাটিয়ে ওঠা কঠিন হবে না।"
তিনি সঞ্চয়পত্রের ওপর থেকে কর মওকুফের জন্য অর্থমন্ত্রীর প্রতি আহবান জানান।
কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মতিন খসরু বলেন, "জনগণ বাজেট বোঝে না, জনগণ বোঝে বাজারের থলি। বাজারের থলিই বাজেট নির্ধারণ করে।"
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, "আপনাদের যে হরতাল করার অধিকার আছে, জনগণেরও হরতাল না করার অধিকার আছে।"
পিরোজপুর-৩ আসনের মোহাম্মদ আনোয়ার হোসেন অবিলম্বে বিরোধীদলীয় সংসদ সদস্যদের বেতন-ভাতা বন্ধ করে দেওয়ার আহবান জানান।
মানিকগঞ্জ-২ আসনের সাংসদ এস এম আব্দুল মান্নান বলেন, "এতো বড় ঘাটতি না নিয়ে, ভারসম্যের বাজেট করলে মনে হয় ভালো হতো।"
কর আদায় প্রক্রিয়ার আধুনিকয়ন ও দুর্নীতি দূর করার আহবান জানান এস এম আব্দুল মান্নান।
ময়মনসিংহ-৯ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম বলেন, বিদেশি মুদ্রার মজুদের ওপর যখন চাপ পড়েছে, তখন সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা উচিৎ।
দ্রব্যমূল্যের কারণে মধ্যম আয়ের মানুষের ওপর চাপ বাড়ায় দুর্নীতি বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদের মধ্যে চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন, রাজবাড়ী-২ আসনের কাজী কেরামত আলী, মেহেরপুর-১ আসনের জয়নাল আবেদীন, নারায়ণগঞ্জ-২ আসনের নজরুল ইসলাম বাবু, সিরাজগঞ্জ-৫ আসনের মোহাম্মদ শফিকুল ইমলাম, ময়মনসিংহ-৮ আসনের আব্দুস সাত্তার, সাতক্ষীরা-২ আসনের আব্দুল জব্বার, কুড়িগ্রাম-৪ আসনের জাকির হোসেন, ময়মনসিংহ-২ আসনের হায়াতুর রহমান খান বাজেট আলোচনার ওপর আরো অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/২২৪৪ ঘ.
bdnews24