২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় হুইপ মুজিবুল হকের অফিসে হামলা

জেলা ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে কুমিল্লায় জাতীয় সংসদের হুইপ এম মুজিবুল হকের অফিসে হামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2011, 06:32 PM

Updated : 24 Aug 2022, 03:24 PM

কুমিল্লা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে কুমিল্লায় জাতীয় সংসদের হুইপ এম মুজিবুল হকের অফিসে হামলা হয়েছে। অফিসের ভেতর ঢুকতে না পারায় তেমন কোনো ক্ষতি করতে পারেনি। তবে অফিসের নামফলক ভাংচুর করেছে হামলাকারীরা। রোববার রাত সোয়া ৮টার দিকে জেলা শহরের কান্দিরপাড় নজরুল এভিনিউয়ে এ হামলা হয়। মুজিবুল হকের অফিসের কর্মী স্বপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্রলীগ নেতা রাসেল ও শাওনের নেতৃত্বে কিছু কর্মী মিছিল করে আসছে খবর পেয়ে কার্যালয়ের কলাপসিবল গেইট বন্ধ করে দিই। তাই তেমন কিছু ভাঙতে পারেনি তারা। এ ব্যাপারে ছাত্রলীগ নেতা নাজমুল ইসলাম শাওন বলেন, "অছাত্র, মুদি দোকানদারদের দিয়ে জেলা ছাত্রলীগের একটি কমিটি প্রস্তাব করেছে বর্তমান কমিটি। এতে সাধারণ ছাত্রলীগকর্মীরা ক্ষুব্ধ হয়েছে।" জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান মিঠু জানান, "যেহেতু সবার সমর্থন নিয়ে আমরা একটি কমিটি প্রস্তাব করেছি, সেহেতু হামলাকারীরা মনে করেছে কমিটি আমাদের পক্ষে আসবে। তাই তারা ঝামেলা করে ভাগ বসাতে চাইছে।" ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলনের আগেই কুমিল্লা জেলা কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। বর্তমান কমিটি নতুন একটি কমিটি করে কেন্দ্রে জমা দিয়েছে। এ নিয়ে কমিটিতে স্থান পাওয়া ও না পাওয়া নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১৮ ঘ.