ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া জোর দিয়ে বলেছেন, আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারকে হটিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে।
রোববার রাতে প্রকৌশলী ও কৃষিবিদ প্রতিনিধিদলের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
খালেদা বলেন, "আমরা আন্দোলনে আছি। আগামীতে কঠিন কর্মসূচি দেওয়া হবে। এই গণবিচ্ছিন্ন সরকারকে আন্দোলনের মাধ্যমে হটানো হবে।
"আমরা আন্দোলন জোরদারে বিভিন্ন পেশার মানুষের মতামত নিচ্ছি। এবারের আন্দোলনে সব শ্রেণী-পেশার মানুষকে সম্পৃক্ত করতে হবে।"
সংসদে উত্থাপিত পঞ্চদশ সংবিধান সংশোধনী বিল প্রত্যাখান করে বিএনপি চেয়ারপারসন বলেন, "এ বিল আমরা মানি না। দেশের জনগণ এই বিল মানবে না।''
শনিবার সংসদে সংবিধান (পঞ্চদশ সংশোধন) বিল, ২০১১ উত্থাপন করা হয়। বিলে তত্ত্বাবধায়ক সরকার, এর মেয়াদকাল, প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা সংশ্লিষ্ট অনুচ্ছেদগুলি বিলুপ্তির সুপারিশ করা রয়েছে।
ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে রাখা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি প্রদর্শনেরও সুপারিশ রয়েছে বিলে।
সংবিধান সংশোধনে সংসদীয় বিশেষ কমিটির প্রতিবেদনের সব সুপারিশ হুবহু বিল আকারে রয়েছে।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রাতে ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের আহবায়ক মাহমুদুর রহমান ও এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ারুল মবিন মজুমদারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল খালেদা জিয়ার সঙ্গে মতবিনিময় করেন।
চলমান আন্দোলন ও সংবিধান সংশোধন বিলের বিষয়ে প্রকৌশলী ও কৃষিবিদদের বিভিন্ন মতামত শুনেন বিরোধী দলীয় নেতা।
তিনি দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে দাবি করেন, দেশের অবস্থা ভালো নয়। সরকার গণবিচ্ছিন্ন হয়ে এখন 'নির্যাতন ও দমননীতি' অবলম্বন করে ক্ষমতায় টিকে থাকতে চায়।
বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর সরকার নির্যাতন চালাচ্ছে বলেও অভিযোগ করেন খালেদা।
এ প্রসঙ্গে তিনি উদাহরণ টেনে বলেন, "এই মতবিনিময় সভার আগে আমি হরতালে পুলিশি নির্যাতনে গুরুতর আহত ওয়ার্ড কাউন্সিলর মনোয়ারা বেগম মনিকে দেখতে গুলশানের সাহাবুদ্দিন হাসপাতালে গিয়েছিলাম। কীভাবে একজন মহিলা কাউন্সিলরকে পুলিশ নির্যাতন করেছে, তা দেখলে শিহরিত হতে হয়। এই নির্মমতা ভয়াবহ।"
মতবিনিময় সভায় স্থায়ী কমিটির সদস্য আর এ গনি ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২২৪০ ঘ.
bdnews24