ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পথ থেকে সরকারকে সরে দাঁড়ানোর আহবান জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।
তা না হলে উদ্ভূত যেকোনো 'নৈরাজ্যকর' পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ার করে দিয়েছে দলটি।
রোববার বিকালে এক বিক্ষোভ সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
তিনি বলেন, "জনমতের তোয়াক্কা না করে দেশকে একদলীয় বাকশালী রাষ্ট্র বানাতে সরকার তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলসহ সংবিধানে ৫১টি সংশোধনী এনেছে। এসব জনগণ মেনে নেবে না।"
শনিবার সংসদে সংবিধান (পঞ্চদশ সংশোধন) বিল, ২০১১ উত্থাপন করা হয়। বিলে তত্ত্বাবধায়ক সরকার, এর মেয়াদকাল, প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা সংশ্লিষ্ট অনুচ্ছেদগুলি বিলুপ্তির সুপারিশ করা রয়েছে।
'বিছমিল্লাহ..., রাষ্ট্রধর্ম ও ধর্মভিত্তিক রাজনীতির বিষয়টি রেখেই বিলটি উত্থাপিত হয়। তবে সংসদীয় বিশেষ কমিটিতে এ তিন বিষয়ে দুই সদেস্যর আপত্তি দেওয়া [নোট অব ডিসেন্ট] থাকলেও বিলে তার উল্লেখ নেই।
সংবিধান সংশোধনে সংসদীয় বিশেষ কমিটির প্রতিবেদনের সব সুপারিশ হুবহু বিল আকারে রয়েছে।
ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে রাখা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি প্রদর্শনেরও সুপারিশ রয়েছে বিলে।
বিলে আরো বলা হয়, সংবিধানের প্রস্তাবনার উপর "বিছমিল্লাহির রহমানির রহিম (দয়াময়, পরম দয়ালু আল্লাহের নামে)/পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে" সন্নিবেশিত হবে।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপির উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ হয়।
আরাফাত রহমান কোকোকে 'মিথ্যা' মামলায় সাজাদান, দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ওপর কথিত নির্যাতন ও রাজনৈতিক হয়রানিমূলক মামলা এবং সাজা দেওয়ার প্রতিবাদে ঢাকাসহ সারাদেশে নির্যাতন বিরোধী দিবস পালনের অংশ হিসেবে বিএনপি এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মোশাররফ পঞ্চদশ সংবিধান সংশোধনী বিলের সমালোচনা করে বলেন, "সংবিধান সংশোধন বিলে এমন সব ধারার প্রস্তাব করা হয়েছে, যা কখনোই পরিবর্তন করা যাবে না। তাহলে কি ভবিষ্যতে জাতীয় সংসদেরই প্রয়োজন হবে না? সরকার দেশকে বাকশালী রাষ্ট্র বানাতে এরকম সংশোধনীর প্রস্তাব এনছে।
"সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও মৌলিক ধারায় 'আল্লাহর ওপর আস্থা' শব্দটি বাতিলের প্রস্তাব করা হয়েছে। জনগণ কোনোভাবেই তা মেনে নেবে না", যোগ করেন তিনি।
তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর ওপর কথিত নির্যাতনের সমালোচনা করে এই বিএনপি নেতা বলেন, নির্যাতন পরিমাপের কোনো সূচক থাকলে বিশ্বে বাংলাদেশের স্থান হবে ১ থেকে ৭ এর মধ্যে।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল প্রসঙ্গে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন মেনে নেওয়া হবে না।''
'দমন-নির্যাতনে' চলমান আন্দোলন দমানো যাবে না বলেও সরকারকে সতর্ক করে দেন তিনি।
সরকারের বিরুদ্ধে আবারো 'ব্যর্থতার' অভিযোগ তুলে মির্জা ফখরুল দাবি করেন, দেশের মানুষের ওপর সরকারের নির্যাতনের মাত্রা দিন দিন বেড়েই চলেছে।
পঞ্চদশ সংবিধান সংশোধনী বিল সর্ম্পকে দলের আপত্তির কথা উল্লেখ করে তিনি বলেন, ওই সংশোধনীর প্রস্তাবের মধ্যে আছে- শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে কোনো সমালোচনা করা যাবে না। 'বিসমিল্লাহ' রাখা হয়েছে, তবে বাংলা অনুবাদে 'আল্লাহ' শব্দটি বাদ দিয়ে 'সৃষ্টিকর্তা' রাখার প্রস্তাব করা হয়েছে। ইসলামকে রাষ্ট্রধর্ম রাখার পাশাপাশি ধর্মনিরপেক্ষা ও সমাজতন্ত্র প্রতিস্থাপিত করে জগাখিচুরি পাকানোর সব আয়োজন করেছে সরকার।
মহানগর আহ্বায়ক ও ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, সভাপতি আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান পটল, শামসুজ্জামান দুদু, আহমেদ আজম খান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, গণশিক্ষা বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২০১৩ ঘ.
bdnews24