২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি মানবাধিকার রক্ষায় সচেষ্ট থাকবে: ফখরুল

বর্তমান সরকারের বিরুদ্ধে দমন-পীড়নের অভিযোগ এনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি পুনরায় ক্ষমতায় গেলে মানবাধিকার রক্ষায় সচেষ্ট থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2011, 11:03 AM

Updated : 24 Aug 2022, 03:25 PM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান সরকারের বিরুদ্ধে দমন-পীড়নের অভিযোগ এনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি পুনরায় ক্ষমতায় গেলে মানবাধিকার রক্ষায় সচেষ্ট থাকবে। আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবসে রোববার মানবাধিকার সংগঠন অধিকার আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের ওই সভায় বক্তারা মানবাধিকার রক্ষায় জাতীয় ঐকমত্য গড়ে তোলার ওপর জোর দেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল বলেন, "দেশে মানবাধিকার পরিস্থিতির অনেক অবনতি হয়েছে, বিরোধী প্রতিপক্ষকে নির্যাতন চরম পর্যায়ে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনেও তা প্রকাশ পেয়েছে।" সরকার তার নির্বাচনী প্রতিশ্র"তিতে দেশে সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় যে সব অঙ্গীকার করেছিলো, তা থেকে অনেক দূরে সরে গেছে, বলেন তিনি। মানবাধিকার পরিস্থিতি তুলে ধরতে গিয়ে ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী আলমের নিখোঁজ হওয়াসহ বিরোধী দলের নেতা-কর্মী হত্যা ও নির্যাতনের কথা বলেন ফখরুল। সরকারের সমালোচনার পাশাপাশি তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে মানবাধিকার রক্ষায় সজাগ ও সচেষ্ট থাকবে। সভায় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্না বলেন, "অনামবিক কার্যক্রম বন্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রয়োজনে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয় গড়ে তোলা উচিৎ।" "সরকারের অমানবিক আচরণের বিরোধিতা করাটাই এখন মানবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে", বলেন তিনি। সভায় অধিকার'র উপদেষ্টা ফরহাদ মজহার লিখিত বক্তব্যে বলেন, সরকারের নির্যাতনবিরোধী আইন প্রণয়ন ও আন্তর্জাতিক কনভেনশনের ঐচ্ছিক/অতিরিক্ত প্রোটোকল দ্রুত অনুমোদন এবং এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা উচিৎ। নির্যাতন বিরোধী আন্তর্জাতিক কনভেনশনে (ক্যাট ) স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশ এখনো নির্যাতন বন্ধে আইনি বাধ্যবাধকতায় অনুসরণ করছে না। অথচ নির্যাতন-নিপীড়ন আন্তর্জাতিক আইন অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ এবং একে আন্তর্জাতিক অপরাধ হিসেবে গণ্য করা হয়। বর্তমান সরকারের আমলের মানবাধিকার পরিস্থিতি বিশ্লেষন করেন ফরহাদ মজহার বলেন, সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ২০০৫ থেকে ২০১১ সালের মে মাস পর্যন্ত ১৯২ জন বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থায় নির্যাতনে মারা গেছে। অধিকার মনে করে প্রকৃত নির্যাতিতের সংখ্যা আরো অনেক বেশি। সভায় অন্যদের মধ্যে আলোচনা করেন জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম লালা, দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মো. মাহমুদুর রহমান, অধিকার'র আদিলুর রহমান খান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৬৫৫ ঘ.