চট্টগ্রাম, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বোয়ালখালী ও চন্দনাইশ উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে।
১৬ ইউপির মধ্যে ১০টিতে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থক চেয়ারম্যান, দুটিতে বিএনপি, দুটিতে এলডিপি সমর্থিত এবং দুটিতে নির্দলীয় প্রার্থী জয়ী হয়েছেন।
শনিবার দিনভর ভোটগ্রহণ শেষে মধ্যরাতে নির্বাচনের ফল ঘোষণা করা হয়।
বোয়ালখালী উপজেলার সাত ইউপির পাঁচটিতে আওয়ামী লীগ ও দুটিতে বিএনপি সমর্থক প্রার্থী জয়ী হয়েছেন। চন্দনাইশ উপজেলার নয় ইউপির পাঁচটিতে আওয়ামী লীগ সমর্থক, এলডিপি দুটিতে এবং দুটিতে নির্দলীয় প্রার্থী নির্বাচিত হয়েছেন।
বোয়ালখালী উপজেলার আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যানরা হলেন- শাকপুরায় আবদুল মান্নান, পোপাদিয়ায় এস এম জসিম, চরণদ্বীপে মোহাম্মদ শোয়াইব রেজা, শ্রীপুর খরণদ্বীপে মোহাম্মদ মোকাররম এবং আমুচিয়ায় কাজল দে।
বিএনপি সমর্থক দুই চেয়ারম্যান হলেন- সারোয়ালতলীতে নুর মোহাম্মদ এবং আহল্লা করলডেঙ্গায় মোহাম্মদ হামিদুল হক।
চন্দনাইশ উপজেলার আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যারা হলেন- দোহাজারী ইউনিয়নে আবদুল্লাহ আল নোমান বেগ, জোয়ারায় আহমদ হোসেন, বরকলে হাবিবুর রহমান, বরমায় নুরুল ইসলাম এবং সাতবাড়িয়ায় আহমদুর রহমান।
এলডিপি সমর্থক দুই চেয়ারম্যান হলেন- ধোপাছড়িতে আবু ইউসুফ ও হাশিমপুরে মোহাম্মদ আলী।
নির্দলীয় দুই চেয়ারম্যান হলেন- বৈলতলীতে আহমদ সৈয়দ চৌধুরী ও কাঞনাবাদে আবদুস শুক্কুর।
গত ৩১ মে থেকে এ ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফা ভোটগ্রহণ শুরু হয়েছে। আগামী ৫ জুলাই পর্যন্ত ৫৭টি জেলার ৪১৪ উপজেলার ৩ হাজার ৮১৩টি ইউনিয়নে এ নির্বাচন হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/আরএ/১৩০৫ ঘ.
bdnews24