২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদক-সন্ত্রাস থেকে বাঁচতে চাই সামাজিক আন্দোলন: সাহারা

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, সমাজ থেকে মাদক ও সন্ত্রাস দূর করতে সবাইকে আন্দোলন করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2011, 10:17 AM

Updated : 24 Aug 2022, 03:24 PM

ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, সমাজ থেকে মাদক ও সন্ত্রাস দূর করতে সবাইকে আন্দোলন করতে হবে। শনিবার অ্যাসোসিয়েশন ফর ল' রিসার্চ অ্যান্ড হিউম্যান রাইটস (এলার্ট) কর্তৃক আয়োজিত 'সন্ত্রাস ও মাদক প্রতিরোধে আমাদের করণীয়' শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। সাহারা বলেন, "সারা বিশ্ব আজ নানা সমস্যার সম্মুখীন। এসব সমস্যার মধ্যে মাদক ও সন্ত্রাস অন্যতম। এ জন্য সমাজ থেকে মাদক ও সন্ত্রাস দূর করতে সবাইকে আন্দোলন করতে হবে।" স্কুল-কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির ও গীর্জায় সামাজিকভাবে এ সমস্যা প্রতিরোধের আহ্বান জানান তিনি। দেশ থেকে মাদক ও সন্ত্রাস দূর করতে সরকার কাজ করে যাচ্ছেন বলে উল্লেখ করেন সাহারা। বৈঠকে পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার বলেন, মাদক ও সন্ত্রাস দমনে আইনের পরিবর্তন ও পরিবর্ধন জরুরি। প্রযুক্তি নির্ভর সক্ষমতার মাধ্যমে এসব সমস্যা সমাধান করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি। মহাপরিদর্শক বলেন, "আমাদের বড় সমস্যা মাদকের চোরাচালান রোধ করা। চোরা চালানরোধ করতে পারলে এ সমস্যা অনেকটা দূর হবে। আমারা হতাশ নই, এ সমস্যা সমাধানে আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট সোচ্চার।" মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক মো.আবু তালেব বলেন, মাদকের চাহিদা হ্রাস, সরবরাহ হ্রাস, মাদকাসক্তের প্রতিকার করতে পারলে এ সমস্যা অনেকাংশে কমে যাবে। র‌্যাব-৩ এর পরিচালক রফিকুল ইসলাম বলেন, একজন মাদক ব্যবসায়ীকে আটক করে আদালতে পাঠানোর পরদিন তিনি ছাড়া পেয়ে যান। তিনি সরকারকে আইনের বিষয়টির ওপর নজর দেওয়ার অনুরোধ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/এমআই/১৬১২ ঘ.