শেরপুর, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিপক্ষের উপর হামলার অভিযোগে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেপ্তার এই চারজন হলেন- কাংশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ সরকার, মোক্তার আলী, বিল্লাল হোসেন ও বাচ্চু মিয়া।
শেরপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান বলেন, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ওই ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী মো. আনার উল্লাহ তার সমর্থকদের নিয়ে এলাকার ভোটারদের সঙ্গে শুভেচ্ছাবিনিময় করছিলেন।
ওই সময় আব্দুর রউফ সরকার তার ২৫/৩০জন সমর্থক নিয়ে আনার উল্লাহ ও তার সমর্থকদের উপর হামলা চালান।
হামলায় প্রতিপক্ষের দায়ের কোপে আনার উল্লাহর সমর্থক বাকাকুড়া গ্রামের আমজাদ আলীসহ আটজন আহত হন।
গুরুতর আহত আমজাদ আলীকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে আমজাদ আলী ১৭ জনের নামে এবং অজ্ঞাত পরিচয় আরো ১৫/২০ জনকে আসামি করে ঝিনাইগাতী থানায় একটি মামলা করেছেন, বলেন পুলিশ কর্মকর্তা।
তিনি আরো বলেন, আদালতে সোপর্দ করলে রোববার শুনানির দিন ধার্য করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২০২০ ঘ.
bdnews24