২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'কোকোর সাজা রাজনীতিবিদদের জন্য সতর্কবার্তা'

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, অর্থপাচার মামলায় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রাহমান কোকোর সাজা হওয়ার বিষয়টি রাজনীতিবিদদের জন্য সুখকর কিছু নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2011, 01:35 PM

Updated : 24 Aug 2022, 03:23 PM

ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থপাচার মামলায় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রাহমান কোকোর সাজা হওয়ার বিষয়টি রাজনীতিবিদদের জন্য সুখকর নয় উল্লেখ করে সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সন্তান পালনের ক্ষেত্রে এটি তাদের জন্য একটি সতর্কবার্তা। শুক্রবার বিকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "আমরা যারা রাজনীতি করি। আমাদের যাদের সন্তান রয়েছে- আমরা এই রায়ে খুশি নই। এটা আমাদের সামগ্রিক ব্যর্থতা যে, আমরা আমাদের সন্তানদের মানুষ হিসাবে গড়ে তুলতে পারিনি।" "খালেদা জিয়া কীভাবে তার সন্তানদের গড়ে তুলেছেন- আদালতের রায়ই তার প্রমাণ," যোগ করেন তিনি। মুদ্রাপাচারের অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে ছয় বছর কারাদণ্ড ও আর্থিক জরিমানা করে ঢাকার জজ আদালত। রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, "এ রায় ছিলো পূর্ব নির্ধারিত। সরকার প্রতিহিংসামূলকভাবে জিয়াউর রহমানের পরিবারকে হেয় প্রতিপন্ন করতেই মিথ্যা মামলা সাজিয়ে এই রায় দিয়েছে।" এ প্রসঙ্গে সৈয়দ আশরাফ শুক্রবার বলেন, "এই রায় নিয়ে রাজনীতি-রাজনীতি খেলার সুযোগ নেই। এই রায়কে অনুধাবন করতে হবে- কীভাবে তার (খালেদা জিয়া) সন্তানের নৈতিক অধঃপতন হলো।" শুক্রবার বিকাল সাড়ে ৪টায় এই সংবাদ সম্মেলন শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয় প্রায় ৫০ মিনিট দেরিতে। এই দেরির জন্য উপস্থিত সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করে আশরাফ বলেন, এই সংবাদ সম্মেলন করার কোনো ইচ্ছাই আওয়ামী লীগের ছিলো না। কিন্তু আদালতের রায়ের পর প্রধানমন্ত্রী ও তার দলকে অভিযুক্ত করায় এই সংবাদ সম্মেলন করতে আওয়ামী লীগ বাধ্য হয়েছে। "গতকাল আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী ছিলো। আমরা আশা করেছিলাম- আমাদের ৬২ বছরের সফলতা ও ব্যর্থতা নিয়ে আলোচনা হবে। কিন্তু একটি রায়ের কারণে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীর খবর গৌণ হয়ে গেলো।" কোকোর দণ্ডাদেশের ক্ষেত্রে আদালতকে প্রভাবিত করার যে অভিযোগ বিএনপি এনেছে- তার জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, "আদালতকে প্রভাবিত করার সামান্য ক্ষমতা থাকলে আমরা কাল (বৃহস্পতিবা) রায় দিতে দিতাম না। কিন্তু আদালতের ওপর হস্তক্ষেপের নীতিতে আওয়ামী লীগ বিশ্বাস করে না।" প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিরোধীদলের এই অভিযোগকে অসাংবিধানিক ও আইনের শাসনের পরিপন্থী উল্লেখ করে আশরাফ বলেন, "আমরা আর এটা দেখতে চাই না।" এই আওয়ামী লীগ নেতা বলেন, "আমরা রাজনীতিবিদ। রাজনীতি নিয়ে ব্যস্ত থাকি। রাজনীতির জন্য যতটা খেয়াল করি, পরিবারের জন্য ততোটা সময় দিই না, সন্তানদের দিকে খেয়াল দিই না। ছেলে-মেয়েকে মানুষ করার বিষয়টি চিন্তা করি না। তারেক রহমান ও আরাফাত রহমান কোকেকে তার বাবা-মা যদি মানুষ হিসাবে গড়ে তুলতেন, তাহলে আর এই দণ্ডাদেশ হতো না।" সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দুই মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী খালেদা জিয়ার সন্তান কোকোর বিরুদ্ধে এই রায় জিয়া পরিবারের জন্য মোটেও 'সুখবর নয়' বলে মন্তব্য করেন আশরাফ। মুক্তিযুদ্ধের সময় গঠিত মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের ছেলে আশরাফ বলেন, "আমারো একটা মেয়ে আছে। আমার মেয়েকে কী আমি আওয়ামী লীগ অফিসের দায়িত্ব দেবো? তাকে এই অফিসে বসে অপকর্ম-দুর্নীতি করার সুযোগ করে দেবো?" রাজনীতিবিদদের তিনি হুঁশিয়ার করে দেন, "আমরা আমাদের ছেলে-মেয়েদের মানুষ করতে না পারলে আমাদেরও এই অবস্থা হবে।" বৃহস্পতিবার রায়ের পর কোকোর আইনজীবীরা জানান, তারা এর বিরুদ্ধে উচ্চ আদতালতে আপিল করবেন। এ প্রসঙ্গে সৈয়দ আশরাফ বলেন, "উচ্চ আদালতের রায়ে কোকো নির্দোষ প্রমাণিত হলে আমিই সবচেয়ে খুশি হবো।" তিনি দাবি করেন, কোকোর বিরুদ্ধে ওই মামলা বর্তমান সরকার করেনি। বিদেশি কোম্পানি সিমেন্স কাজ পাইয়ে দেওয়ার জন্য আরাফত রহমানকে টাকা দেয়। এই তথ্য যুক্তরষ্ট্রের তদন্ত সংস্থা এফবিআই বের করেছে। কোন ক্রেডিট কার্ড কবে কোথায় কথন ব্যবহার করা হয়েছে- তার সব তথ্যই এফবিআই বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুর্নীতি দমন কমিশনকে দিয়েছে। সমাজের সব শ্রেণীর নাগরিকদের দুর্নীতির বিরুদ্ধে এগিয়ে আসার আহবান জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, "আমরা আমাদের দেশে আর দুর্নীতি দেখতে চাই না।" তিনি বলেন, "রাজনীতিবিদদের ওপর সাধারণ মানুষ কীভাবে আস্থা রাখবে? যদি আমাদের ভাই ও পুত্ররা আদালতে দোষী সাবস্ত হয়?" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/২১০৯ ঘ.