নাটোর, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনের ১২ দিন পর নির্বাচনী এলাকার বাইরে কয়েক'শ মোটরসাইকেল ও মাইক্রোবাস নিয়ে আনন্দ মিছিল করেছেন নাটোরের নবনির্বাচিত এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।
এই বিজয় মিছিলের কারণে পথচারীরা সাময়িক অসুবিধার মুখে পড়েন।
গত ১১ জুন অনুষ্ঠিত সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়লাভ করেন গোলাম সারোয়ার। তিনি বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নাটোর শহরে আনন্দ মিছিল বের করেন এবং তা দুপুর ১টা পর্যন্ত চলে।
প্রত্যক্ষদর্শীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খোলা গাড়িতে চড়ে গোলাম সারোয়ার মিছিলে অংশ নেন। মিছিলটি নাটোর স্টেশন এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় তিনি হাত নেড়ে শহরবাসীকে শুভেচ্ছা জানান।
মিছিলের জন্য শহরে যানজটের সৃষ্টি হয় বলে অভিযোগ করেন অনেকে।
ছায়াবানি মোড়ে রিক্সাযাত্রী ছাবিনা ইয়াসমিন বলেন, আমি হাসপাতালে যাবো। অথচ মিছিলের কারণে ১৫ মিনিট ধরে অপেক্ষা করছি।
নির্বাচিত হওয়ার ১২ দিন পর নির্বাচনী এলাকার বাইরে এ ধরনের আনন্দ মিছিল করা প্রসঙ্গে সারোয়ার বলেন, নির্বাচনের আগের রাতে প্রতিপক্ষরা আমাকে হাজতে ঢোকানোর ষড়যন্ত্র করলেও ভোটাররা তা নস্যাৎ করেছেন।
তিনি বলেন, মিছিলের কারণে পথচারীরা কষ্ট পাননি বরং আনন্দ পেয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/কেএমএস/১৮৪০ ঘ.
bdnews24