ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আরাফাত রহমান কোকোকে ছয় বছর কারাদণ্ড দিয়ে দেওয়া আদালতের রায় রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন খালেদা জিয়ার ছেলের অন্যতম আইনজীবী ও বিএনপি নেতা সানাউল্লাহ মিয়া।
মুদ্রাপাচারের অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার কোকোকে ছয় বছর কারাদণ্ড দিয়ে রায় দেয় ঢাকার জজ আদালত।
এ রায় প্রত্যাখ্যান করে তাৎক্ষণিকভাবে পুরান ঢাকার আদালতপাড়ায় মিছিল করে বিএনপি সমর্থক আইনজীবীরা।
রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কি না- জানতে চাওয়া হলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের বলেন, "আমরা রাজনৈতিকভাবে এ রায় মোকাবেলা করবো।"
"এ রায় আমরা মানি না, দলীয় বিচারক দিয়ে আরাফাত রহমানকে কারাদণ্ড দেওয়া হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই", বলেন তিনি।
রায়ের আগে বিএনপি সমর্থক আইনজীবীরা মিছিল নিয়ে এজলাসে ঢুকতে চাইলে পুলিশ বাধা দেয়। ওই সময় পুলিশ আইনজীবীদের লাঠিপেটাও করে।
দুপুর ১২ টা ২০ মিনিটে রায় ঘোষণা শেষ হওয়ার আগেই এজলাস কক্ষে হৈ চৈ শুরু করে বিএনপি সমর্থক আইনজীবীরা। মিছিল নিয়ে তারা এজলাস থেকে বের হন। বিচারক মো. মোজাম্মেল হোসেনকে 'সরকারের দালাল এবং দলীয় বিচারক' বলে স্লোগান দেন তারা। পরে তারা ঢাকা আইনজীবী সমিতির টিনশেড মিলনায়তনে প্রতিবাদে সমাবেশ করেন।
সমাবেশ শেষে আইনজীবীরা আগামী রোববার আদালত প্রাঙ্গণে মুখে কালো কালো কাপড় বেঁধে পুলিশি নির্যাতন ও রায়ের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেন।
এদিকে রায়ে সন্তোষ প্রকাশ করে দুর্নীতি দমন কমিশনের কৌঁসুলি মোশাররফ হোসেন কাজল সাংবাদিকদের বলেন, আইন অনুযায়ীই এ রায় হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৪২৬ ঘ.
bdnews24