ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচন মানবে না জানিয়ে বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান বলেছেন, গণঅভ্যূত্থানের মাধ্যমে এ সরকারের পতন ঘটানো হবে।
তিনি বৃহস্পতিবার সকালে এক মানববন্ধন কর্মসূচিতে বলেন, "তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন আমরা মানি না। জনগণ ওই নির্বাচন প্রতিহত করবে।"
শেয়ার বাজরের ৩৩ লাখ বিনিয়োগকারীদের 'অর্থ লুণ্ঠন' ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের উদ্যোগের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিএ) উদ্যোগে এ মানববন্ধন হয়।
পুঁজিবাজারের ৩৩ লাখ ক্ষুদ্র বিনিয়োগকারীর 'অর্থ লুণ্ঠনকারীরা' সরকারি দলের বলে দাবি করেন নোমান।
তিনি বলেন, "৮৫ হাজার কোটি টাকা সরকারের লোকজন হাতিয়ে নিয়ে ক্ষুদ্র বিনিয়োগকারীদের পথে বসিয়েছে। ওই সিন্ডিকেটই গত নির্বাচনে শত শত কোটি টাকা দিয়ে আওয়ামী লীগকে জিতিয়েছে বলেই সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না।"
তিনি জানান, তার দল ক্ষমতায় গেলে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সহযোগিতা দেবে।
এনডিএ সভাপতি খোন্দকার গোলাম মোতুর্জার সভাপতিত্বে কর্মসূচিতে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা'র সভাপতি শফিউল আলম প্রধান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, ন্যাপ এর মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, এনডিএ'র মহাসচিব আলমগীর মজুমদার বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/১৩৪৫ ঘ.
bdnews24