ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান সংশোধনের বিষয়ে সরকারের আলোচনার প্রস্তাব আবারো প্রত্যাখ্যান করেছে প্রধান বিরোধী দল বিএনপি।
সেইসঙ্গে দলটি বলেছে, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প হিসাবে অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনও তারা মেনে নেবে না। কারণ, ওই সরকারের প্রধান থাকবেন বর্তমান প্রধানমন্ত্রী।
বুধবার বিকালে এক আলোচনা সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ দলের এ অবস্থানের কথা জানান।
তিনি অভিযোগ করেন, "জনগণকে বিভ্রান্ত করতেই সরকার এই আলোচনার প্রস্তাব দিয়ে বুঝাতে চাচ্ছে- আমরা যা কিছুই করি সবার সঙ্গে আলোচনা করে করি।''
জাতীয় প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে জাগ্রত জনতা ফোরামের উদ্যোগে 'ইলেক্ট্রনিক ভোটিং সিস্টেম : নিরপেক্ষতা, গ্রহণযোগ্যতা ও জনতার ভাবনা' শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মওদুদ অভিযোগ করেন, সরকার আগামী নির্বাচনে বিজয়ী হতে পারবে না জেনেই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করছে। মন্ত্রিসভায় এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দিয়ে সরকারই আলোচনার দরজা বন্ধ করে দিয়েছে।
সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় বিশেষ কমিটির ৫১টি সুপারিশসহ সংশোধন প্রস্তাব সোমবার মন্ত্রিসভা অনুমোদন করে। এর মধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের সুপারিশও রয়েছে।
সংবিধান সংশোধন কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত ও আইনমন্ত্রী শফিক আহমেদের বক্তব্য নাকচ করে দেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।
তিনি বলেন, তাদের ওই বক্তব্য বিভ্রান্তিকর ও লোকদেখানো। মন্ত্রিসভায় অনুমোদন পাওয়া কোনো বিল সংসদ উত্থাপনের পর তাতে সরকারি দলের সদস্যদের বিরোধিতা করার কোনো সুযোগ নেই। আর বিরোধী দল ওই বিলের ওপর যা কিছুই বলুক কিংবা সংশোধনী দিক না কেনো- তা প্রত্যাখ্যাত হবে।
মঙ্গলবার সুরঞ্জিত সেনগুপ্ত বলেছিলেন, ''সংবিধান সংশোধনের বিল মন্ত্রিসভায় অনুমোদিত হওয়ায় আলোচনার পথ আরো প্রসারিত হয়েছে। বিরোধী দল সংসদে এসে এই বিলে সংশোধনী দিতে পারবেন। ইচ্ছে করলে তারা পৃথক প্রস্তাবও উত্থাপন করতে পারবেন।"
ইলেক্ট্রনিক ভোটিং পদ্ধতিরও বিরোধিতা করেন মওদুদ।
সংগঠনের উপদেষ্টা আতাউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, যুব দল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি-মতিন) মহাসচিব আবু নাসের মো. রহমাতুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯৫০ ঘ.
bdnews24