ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমুদ্রসীমা নিয়ে ভারতের সঙ্গে বিরোধ কাটার ক্ষেত্রে অগ্রগতি হচ্ছে জানিয়ে অচিরেই সমাধান আশা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই বিষয়ে মিয়ানমারের সঙ্গে বিরোধ অবসানেও গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রতিবেশী দুই দেশের সঙ্গে সমুদ্রসীমার বিরোধ নিয়ে কথা বলেন সংসদ নেতা হাসিনা।
ভারতের বিষয়ে তিনি বলেন, "আশা করা যায়, আলোচনার ভিত্তিতে বন্ধুপ্রতীম রাষ্ট্র দুটি (বাংলাদেশ-ভারত) অচিরেই একটি গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করতে সক্ষম হবে।"
খনিজ অনুসন্ধানে বাংলাদেশেল চিহ্নিত ৫২টি ব্লকের মধ্যে ২৮টি সাগরে। এর মধ্যে ১০ ও ১১ ব্লক ভারত ও মিয়ানমারের সাগরসীমায় পড়েছে বলে ভারত ও মিয়ানমার দাবি করেছে। এ সমস্যার সমাধানে বাংলাদেশ জাতিসংঘ সালিশ আদালতে গেলেও দ্বিপাক্ষিকভাবে সমাধানের লক্ষ্যে আলোচনার পথ খোলা রয়েছে।
"ইতোমধ্যে দুই দেশ আনক্লস-এর (এনেক্স-৭) আওতায় এ বিরোধ নিরসনের আইনি প্রক্রিয়ার দ্বারস্ত হয়েছে। কূটনৈতিক প্রয়াসও অব্যাহত রয়েছে। আশা করা যায়, অচিরেই একটি গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করতে সক্ষম হবে দুই দেশ।"
ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সকাল সোয়া ১১টার দিকে সংসদ অধিবেশন শুরু হয়। দিনের কার্যসূচির শুরুতে প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর টেবিলে উপস্থাপন করা হয়। এরপরই ২০১১-১২ অর্থ বছরের বাজেট আলোচনার ওপর আলোচনা শুরু হয়।
সরকারদলীয় সংসদ সদস্য বেনজির আহমদের লিখিত প্রশ্নের জবাবে শেখ হাসিনা ভারত ও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের অমীমাংসিত সমস্যা ও তা সমাধানে এ পর্যন্ত সরকারের নেওয়া অগ্রগতি তুলে ধরেন।
প্রধানমন্ত্রী বলেন, ভারতে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স (ইউপিএ) পুনরায় সরকার গঠনের ফলে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো শক্তিশালী করার ক্ষেত্রে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে।
গত বছর ভারত সফরের বিষয়টি তুলে ধরে শেখ হাসিনা বলেন, যৌথ ইশতেহার অনুযায়ী মংলা ও চট্টগ্রাম বন্দরকে যোগাযোগের আঞ্চলিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার কাজ শুরু হয়েছে।
"নেপাল ও ভুটান কর্তৃক মংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহারসহ বাংলাদেশের ওপর দিয়ে ট্রানজিট পণ্য তৃতীয় দেশে রপ্তানির আনুষ্ঠানিক পরিকাঠামো সম্পাদন প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।"
প্রধানমন্ত্রী আরো জানান, পানি সম্পদ, বিদ্যুৎ ও যোগাযোগ ক্ষেত্রে আঞ্চলিক উদ্যোগ নেওয়ার জন্য ভারত, নেপাল ও ভুটানে তিনটি দেশের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
সদ্য সমাপ্ত বাংলাদেশ-ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকের বিষয়ে প্রধানমন্ত্রী জানান, ভারতীয় পক্ষ বিএসএফ কর্তৃক সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনা সম্পূর্ণভাবে বন্ধের প্রতিশ্র"তি ব্যক্ত করেছেন।
ভারতের সঙ্গে ছিটমহল সমস্যা দ্রুত সমাধানে বর্তমান সরকার খুবই আন্তরিক বলে জানান তিনি।
মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা ও শরণার্থী সমস্যা
মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা ও শরণার্থী সমস্যা অমীমাংসিত রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "আমাদের পররাষ্ট্র নীতিতে মিয়ানমারের সঙ্গে গুরুত্ব বিবেচনায় এ দুটি অমীমাংসিত ইস্যুর বাইরে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা অব্যাহত রয়েছে। মিয়ানমারের বর্তমান বেসামারিক সরকার ক্ষমতাসীন হবার পর বিদ্যমান সম্পর্ক আরো সুদৃঢ় এবং সুগম হবে আশা করছি।"
তিনি জানান, রোহিঙ্গা শরণার্থীদের ফেরত পাঠানোর বিষয়ে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। সমুদ্রসীমার বিষয়ে আইএলটিওএস মামলার শুনানি ২০১১ সালের মধ্যে সম্পন্ন হবে এবং উভয় পক্ষেও শুনানি শেষে ২০১২ সালের মধ্যে মামলার চূড়ান্ত নিষ্পত্তি হবে আশা করা যাচ্ছে।
মন্ত্রীর উপস্থিতি সাত
মঙ্গলবার সংসদের বৈঠকে বাজেট আলোচনায় অধিকাংশ মন্ত্রীর অনুপস্থিতিতে ক্ষোভ প্রকাশ করে সরকারি দলের সংসদ সদস্যরা। এ বিষয়ে স্পিকার অধিবেশনে মন্ত্রীদের উপস্থিতির বিষয়ে রুলিংও দেন।
বুধবার সকালের বৈঠকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতাসহ স্বরাষ্ট্রমন্ত্রী, যোগাযোগমন্ত্রী, প্রবাসী কল্যাণমন্ত্রী, পানিসম্পদ মন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী অধিবেশনের শুরুতেই উপস্থিত ছিলেন। পরে বিমানমন্ত্রী সংসদে অধিবেশনে আসেন ও বাজেট আলোচনায় অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/এমআই/১৩২০ ঘ.
bdnews24