২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ অগাস্ট: তদন্ত প্রতিবেদন ৩ জুলাই

আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার মামলায় অধিকতর তদন্তের প্রতিবেদন দাখিলের জন্য আরো ১০ দিন সময় পেয়েছে সিআইডি। প্রতিবেদন তৈরি জানিয়ে তদন্ত কর্মকর্তা আদালতকে বলেছেন, এ মামলায় সরকারি কয়েকজন কর্মকর্তা আসামি থাকায় তাদের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2011, 05:33 AM

Updated : 24 Aug 2022, 03:23 PM

ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার মামলায় অধিকতর তদন্তের প্রতিবেদন দাখিলের জন্য আরো ১০ দিন সময় পেয়েছে সিআইডি। প্রতিবেদন তৈরি জানিয়ে তদন্ত কর্মকর্তা আদালতকে বলেছেন, এ মামলায় সরকারি কয়েকজন কর্মকর্তা আসামি থাকায় তাদের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন। ২০০৪ সালের ২১ অগাস্টের গ্রেনেড হামলার দুটি মামলায় বুধবার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ছিলো। নির্ধারিত এ দিনে তদন্ত কর্মকর্তা, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ সুপার আব্দুল কাহহার আকন্দ প্রতিবেদন দাখিলের জন্য আরো ১০ দিন সময় চান। ২১ অগাস্টের ঘটনায় বিস্ফোরক মামলার বিচার চলছে ঢাকার মহানগর দায়রা জজ জহুরুল হকের আদালতে। ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ চেমন চৌধুরীর আদালতে চলছে হত্যা মামলার বিচার। মামলার রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমানের সহকারী আইনজীবী আকরামউদ্দিন শ্যামল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তদন্ত কর্মকর্তার আবেদনে দুই আদালতই সময় বাড়িয়ে ৩ জুলাই প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ঠিক করেছে। "তদন্ত কর্মকর্তা বলেছেন, চার্জশিট তৈরি। তবে মামলায় আসামির তালিকায় কয়েকজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা থাকায় তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন", বলেন শ্যামল। সরকারি কোন কোন কর্মকর্তাকে নতুন করে আসামি করা হচ্ছে- জানতে চাইলে কাহহার আকন্দ এ বিষয়ে এখনি কিছু বলতে রাজি হননি। ১০ ট্রাক অস্ত্র মামলার মতো ২১ অগাস্ট মামলায়ও সেনা কর্মকর্তা কাউকে আসামি করা হচ্ছে কি না- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রশ্ন করলে তিনি তাও জানাতে অপারগতা প্রকাশ করেন। এ মামলার অধিকতর তদন্তে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীকেও আসামি করা হচ্ছে বলে তদন্ত কর্মকর্তা ইতোপূর্বে জানিয়েছেন। এছাড়া নতুন করে জিজ্ঞাসাবাদ করা হয় বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকেও। ২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় দলের কেন্দ্রীয় নেত্রী ও বর্তমান রাষ্ট্রপতির স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হন অনেকে। ওই ঘটনার পর মতিঝিল থানায় একটি মামলা করা হয়। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় হত্যার ঘটনায় একটি এবং বিস্ফোরক আইনে আরেকটি অভিযোগপত্রে বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, নিষিদ্ধ হরকাতুল জিহাদ নেতা হান্নানসহ ২২ জনকে আসামি করে সিআইডি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় যাওয়ার পর পর দুই মামলায়ই অধিকতর তদন্তের আবেদন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১১২৬ ঘ.