২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বিএনপি কার্যালয়ের বাইরে আগুন

সিরাজগঞ্জে বিএনপি'র জেলা কার্যালয়ের প্রধান ফটকে মঙ্গলবার ছাত্রলীগকর্মীরা আগুন দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2011, 12:50 PM

Updated : 24 Aug 2022, 03:22 PM

সিরাজগঞ্জ, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে বিএনপি'র জেলা কার্যালয়ের প্রধান ফটকে মঙ্গলবার ছাত্রলীগকর্মীরা আগুন দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর আগে তারা জেলা শহরে মিছিল করে বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা পৌনে ১২টার দিকে ছাত্রলীগ নেতাকর্মীরা মিছিল নিয়ে বিএনপি কার্যালয়ের সামনে যায়। এরপর তারা ভেতরে ঢোকার চেষ্টা করে। তিনি বলেন, "প্রধান ফটক তালাবদ্ধ থাকায় ছাত্রলীগ নেতাকর্মীরা সেখানে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।" তবে কয়েক মিনিটের মধ্যে আগুন নিভে যায়। পরে লাঠিপেটা করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিএনপি অফিসের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তিনি। পুলিশ কর্মকর্তা আরো জানান, ঘটনার পরপরই নির্বাহী ম্যাজিস্ট্রেট সেহেলী লায়লা, র‌্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) রবিউল ইসলাম ও সদর সার্কেল এএসপি কানাই লাল সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে দুপুর ২টার দিকে শহরের হোসেনপুরে নিজ বাসভবনে সিরাজগঞ্জ-২ আসনের বিএনপি দলীয় সাংসদ রুমানা মাহমুদ এক সংবাদ সম্মেলনে বলেন, তিন দিন আগে ফোনে তাকে অফিস জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছিল। বিষয়টি তিনি প্রশাসনকে অবগত করেছিলেন। তারা কার্যকর কোনো ব্যবস্থা না নেয়ায় ছাত্রলীগ নেতাকর্মীরা এ আগুন দিয়েছে। জেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান সোহেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্রলীগ শহরে মিছিল করেছে। তবে বিএনপি অফিসের ফটকে আগুন দেওয়ার বিষয়টি তিনি এড়িয়ে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৪৬ ঘ.