ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মওদুদ আহমদের বক্তব্যের প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, সংবিধান সংশোধনের বিষয়ে বিরোধী দলের আলোচনার সুযোগ এখনো রয়েছে।
সোমবার মন্ত্রিসভা সংবিধান সংশোধন সংক্রান্ত সংসদীয় কমিটির সুপারিশ অনুমোদনের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ বলেছিলেন, "আলোচনার সব পথ বন্ধ হয়ে গেলো।"
আইনমন্ত্রী মঙ্গলবার সচিবালয়ের পাশের বিদ্যুৎ ভবনে সাংবাদিকদের বলেন, "মন্ত্রিসভায় পাস হওয়া মানেই সেটা চূড়ান্ত আইন হওয়া নয়, কেননা এরপর বিলটি সংসদে যাবে। সেখান থেকে স্থায়ী কমিটিতে যাবে, স্থায়ী কমিটি থেকে আবার সংসদে আসবে। এর প্রত্যেকটি স্তরে বিরোধী দলের আলোচনার সুযোগ রয়েছে।
"আলোচনার সুযোগ নেই এ কথা বলার সুযোগ বিএনপির নেই। আলোচনার পথ সব সময়ই খোলা রয়েছে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আলোচনার বিকল্প নেই। পার্লামেন্ট আছে। সেখানে কথা বলুন।"
সংবিধান সংশোধন নিয়ে আলোচনায় বিএনপির না যাওয়ার সমালোচনাও েেকরন তিনি।
শফিক বলেন, "সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটিতে তাদের সদস্য রাখা হয়েছিলো, কিন্তু তারা আসেননি। কমিটি সর্বস্তরের মানুষের মতামত নিয়ে তাদের সুপারিশগুলো উপস্থাপন করেছে।"
"দেশ সংবিধানিকভাবে আইন অনুযায়ী চলবে। এখানে গায়ের জোরে কোনো কিছু করা যাবে না", বলেন তিনি।
মন্ত্রিসভা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের সুপারিশ অনুমোদন করলেও বিএনপি এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
আইনমন্ত্রী বলেন, "৮ জুন বিশেষ কমিটি প্রতিবেদন দেওয়ার পর তার কপি বিএনপির কাছেও গেছে। তা দেখে তারা আপত্তি জানাতে পারতেন। কিন্তু বিএনপি তা করেনি।"
"সংবিধান সংশোধনী বিষয়ে এখন বিএনপির কোনো প্রস্তাব থাকলে তা আইন সম্মতভাবেই দিতে হবে", বলেন তিনি।
প্রস্তাবিত পাওয়ার অব অ্যাটর্নি আইন-২০১১ সালের খসড়ার নিয়ে বিদ্যুৎ ভবনে এক মতবিনিময় সভায় অংশ নেন আইনমন্ত্রী।
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, "সুপ্রিম কোর্টের রায়ে ত্রয়োদশ সংশোধনী বাতিল হয়েছে। ওই সংশোধনী ফিরিয়ে আনার আর কোনো সুযোগ নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে যে মতামত সুপ্রিম কোর্ট দিয়েছে, তা নিয়ে আলোচনা হতে পারে।"
"আগামী নির্বাচন কিভাবে হবে সে সিদ্ধান্ত হবে সংসদেই। কিন্তু বিএনপি ইচ্ছে করেই এই জটিলতা তৈরি করছে", বলেন তিনি।
পাওয়ার অব অ্যাটর্নি আইন-২০১১
প্রস্তাবিত পাওয়ার অব অ্যাটর্নি আইন-২০১১ সালের খসড়া বিষয়ে আইনমন্ত্রী বলেন, বর্তমান পাওয়ার অব অ্যাটর্নি আইনটির কারণে কিছু কিছু সমস্যা তৈরি করছে। যেমন- এক ব্যক্তি বিদেশে অবস্থান করছেন তার পাওয়ার অব অ্যাটর্নি অন্যজন এনে ওই ব্যক্তির সম্পত্তি বিক্রি করে দিচ্ছে। অথচ প্রকৃত মালিক কিছুই জানেন না।
এ ধরনের সমস্যা দূর করতেই নতুন পাওয়ার অব অ্যাটর্নি আইন করা হচ্ছে বলে জানান তিনি।
শফিক বলেন, এমন আইন হওয়া উচিৎ যাতে কারো সম্পত্তি বেআইনি ও অন্যায়ভাবে দখল করা না যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/কিউএইচ/এমআই/১৩৩৯ ঘ.
bdnews24