ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাইকোর্টের আদেশ উপেক্ষা করে বিদেশে যেতে বাধা দেওয়ায় স্বরাষ্ট্র সচিবসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করেছেন বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যরিস্টার নাসিরউদ্দিন অসীম।
সোমবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় অভিযোগটি দাখিল করার কথা জানিয়ে তিনি বলেন, বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি এম মোয়াজ্জাম হোসেনের বেঞ্চে মঙ্গলবার এ বিষয়ে শুনানি হবে।
অসীম সোমবার সাংবাদিকদের বলেন, "স্ত্রী ও দুই সন্তানসহ রোববার লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা ছিলো আমার। তবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পর ইমিগ্রেশন পুলিশ আমাদের আটকে দেয়।"
অভিযোগের অন্য বিবাদীরা হলেন- পুলিশের মহাপরিদর্শক, পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক ও ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা।
গত অক্টোবরে দৈনিক আমার দেশে প্রকাশিত 'দেশের ৭০ ব্যক্তিকে বিদেশে যেতে দেওয়া হবে না' শিরোনামের একটি প্রতিবেদনে নিজের নাম রয়েছে উল্লেখ করে ১০ নভেম্বর হাইকোর্টে একটি রিট করেন অসীম।
এই প্রেক্ষিতে তাকে বিদেশ যেতে বাধা দেওয়া কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করে আদালত। একই সঙ্গে রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে বিদেশ যেতে এবং ফিরে আসতে বাধা না দিতে নির্দেশ দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে অসীম বলেন, ওই রুলটি এখনো আদালতে বিবেচনাধীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/জেকে/২০৩২ ঘ.
bdnews24