২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনী সংঘর্ষে নিহতের লাশ নিয়ে মিছিল

নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত এক ব্যক্তির লাশ নিয়ে সোমবার গাইবান্ধা শহরে বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2011, 12:18 PM

Updated : 24 Aug 2022, 03:22 PM

গাইবান্ধা, ২০ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত এক ব্যক্তির লাশ নিয়ে সোমবার গাইবান্ধা শহরে বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। শুক্রবার বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে তাজুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তি আহত হন। রোববার রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। সদর থানাার ওসি মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাশ নিয়ে মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে এক সমাবেশে করে। পরে সেখান থেকে তারা জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। এরপর পুলিশ সুপারের কাছেও একটি স্মারকলিপি দেওয়া হয়। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ সরকার, সাহাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবর রহমান টুলু, নিহতের বড় ভাই ও পরাজিত সদস্য প্রার্থী মমিনুল হক, নিহতের স্ত্রী লিপি বেগম প্রমুখ। গত ১৪ জুন উপজেলার সাহাপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে তাজুলের ভাই মমিনুল হক সাধারণ সদস্য পদে পরাজিত হন। বিজয়ী হন সাহাদুল ইসলাম। শুক্রবার সকাল ১০টায় চকচকা গ্রামের বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে তাজুলসহ অন্তত ১২ জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত নজরুল ইসলাম ও তাজুল ইসলামকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮১৫ ঘ.