নারায়ণগঞ্জ, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ে এক বৈঠকে আওয়ামী লীগ সাংসদ সারাহ্ বেগম কবরীর দিকে তেড়ে গেছেন একই দলের সাবেক সাংসদ শামীম ওসমান।
সাংসদ কবরী সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপারসহ (এসপি) বৈঠকে উপস্থিত সবার সামনে শামীম ওসমান তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং নিজের আসন ছেড়ে তাকে মারতে তেড়ে আসেন।
শামীম ওসমান তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
বাসভাড়া বৃদ্ধি ও এ প্রেক্ষিতে নারায়াণগঞ্জে ২০ জুন যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের ডাকা অর্ধদিবস হরতালের বিষয়টি নিয়ে এ বৈঠক আয়োজন করা হয়।
ভাড়া পুনর্র্নিধারণ ও হরতাল বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়।
গত ৩ জুন এ হরতাল কর্মসূচি ঘোষণা করে ফোরাম।
গত বছর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় শামীম ওসমানের বড় ভাই, নারায়ণগঞ্জ-৫(শহর-বন্দর) আসনের জাপা দলীয় সাংসদ নাসিম ওসমান বর্তমান জেলা প্রশাসকের সামনে কবরীকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন।
বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে দুজনের এ বাক-বিতণ্ডার দৃশ্য দেখানো হয়েছে। এতে দেখা গেছে বাক-বিতণ্ডার এক পর্যায়ে শামীম ওসমান তেড়ে যান কবরীর দিকে। এর পর কবরীও শামীমের দিকে তেড়ে যান।
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত বাসভাড়া কমানোর দাবিতে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম ২০ জুন নারায়ণগঞ্জে অর্ধদিবস হরতাল ডেকেছে।
হরতালে সিপিবি, জাসদ (ইনু), ন্যাপ, ওয়ার্কাস পার্টি, সাম্যবাদী দল, বাসদ, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনসহ নারায়ণগঞ্জের ৬০টি সামাজিক, সাংস্কৃতিক পেশাজীবী ক্রীড়া সংগঠন সমর্থন জানায়।
এ প্রেক্ষিতে শনিবার বেলা পৌনে ১২টায় আঞ্চলিক পরিবহন কমিটির এক সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শুরু হয়।
বৈঠকে জেলা প্রশাসক মো. সামছুর রহমান, জেলা পুলিশ সুপার শেখ নাজমুল আলম, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের সাংসদ সারাহ্ বেগম কবরী, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ডা. সেলিনা হায়াত আইভী, শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি আনিসুর রহমান দিপু, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহবায়ক রফিউর রাবিব, সদস্য সচিব জহিরুল ইসলাম, বাসদ সমর্থিত বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মাহবুব ইসমাইল, জেলা সিপিবি'র সভাপতি জিয়া হায়দার ডিপটি, সাধারণ সম্পাদক দুলাল সাহা, জেলা জাসদ(ইনু) সাধারণ সম্পাদক মোহর আলী চৌধুরী, ওয়ার্কাস পার্টির জেলা সাধারণ সম্পাদক হিমাংশু সাহা, জেলা বাসদ সমন্বয়ক আবু নাইম খান বিপ্লব, জেলা সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ, নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ বাস-মিনিবাস ও কাভার্ডভ্যান ট্রাক মালিক ঐক্য পরিষদ সভাপতি মুক্তার হোসেন, বন্ধন পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক ইব্রাহিম চেঙ্গীস, জেলা ছাত্র লীগ সভাপতি ও নসিব পরিবহনের চেয়ারম্যান এহসানুল হাসান নিপু, জেলা যুবলীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও শীতলক্ষ্যা পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক জিল্লুর রহমান লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।
যেভাবে বিতণ্ডার সূত্রপাত
বৈঠকে রফিউর রাব্বি বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ যাত্রা পথে প্রতিদিন কয়েক লাখ সাধারণ মানুষ যাতায়াত করেন। ১৮ কিলোমিটারের বাসভাড়া কোন ক্রমেই ২৪ টাকার বেশি হতে পারে না। সেখানে আদায় করা হচ্ছে ২৮ টাকা। একদিনের হরতালে নারায়ণগঞ্জের মানুষের যে পরিমাণ ক্ষতি হবে পরিবহন মালিকেরা তার কয়েকগুণ বেশি টাকা সাধারণ মানুষের পকেট থেকে হাতিয়ে নিচ্ছে।
ঢাকা-নারায়ণগঞ্জ রুটের দুরত্ব ১৮ কিলোমিটার দাবি করে ২৪ টাকা ভাড়া নির্ধারণের দাবি করে নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাস ভাড়া কমানোর পক্ষে বক্তব্য শুরু করেন।
শামীম ওসমান তার বক্তব্যের মাঝখানে নারায়ণগঞ্জ নাগরিক কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। শহর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন এর প্রতিবাদ জানান। এ পর্যায়ে আনোয়ার হোসেনের বক্তব্যকে সমর্থন জানান কবরী এমপি।
এ সময় ওসমান তাকে উদ্দেশ্যে করে অকথ্য গালাগাল করেন। এক পর্যায়ে শামীম ওসমান নিজের চেয়ার ছেড়ে উঠে সাংসদ কবরীর দিকে তেড়ে যান এবং কবরী ও আনোয়ার হোসেনের সঙ্গে তুমুল বাক-বিতণ্ডায় লিপ্ত হন।
কয়েকজন পরিবহন মালিক নেতা এ সময় শামীম ওসমানের পক্ষে এগিয়ে এসেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তুমুল হট্টগোল সৃষ্টি হয়। জেলা প্রশাসক মো. সামছুর রহমান এ সময় নীরব ছিলেন।
সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু ও জেলা পুলিশ সুপার শেখ নাজমুল আলম দু'পক্ষকে শান্ত করার পর বৈঠক পুনরায় শুরু হয়।
এরপর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়। শামীম ওসমান ও কবরী সমর্থকরাও কার্যালয়ের বাইরে অবস্থান নিলে র্যাব-পুলিশ তাদের নিয়ন্ত্রণে আনে।
'জনগণের স্বার্থে রাজনীতি করি, তাই ...'
কবরী ও শহর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন বাসভাড়া কমানোর দাবিতে আহূত হরতালে প্ররোচনা দিয়েছেন বলে সভায় অভিযোগ করেন শামীম ওসমান।
সভায় উপস্থিত নজরুল ইসলাম বাবু, জেলা পুলিশ সুপার শেখ নাজমুল আলম সকলকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ডা. সেলিনা হায়াত আইভী বলেন, ডিসি-এসপির সামনে এধরণের ন্যক্ক্যারজনক ঘটনা দুঃখজনক।
শহর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন বলেন, আমরা হরতালের পক্ষে নই। তবে জনগণের স্বার্থের জন্য রাজনীতি করি। তাই বর্ধিত বাসভাড়া কমানোর দাবির প্রতি সমর্থন জানিয়েছি।
জেলা পুলিশ সুপার শেখ নাজমুল আলম বলেন, দু'পক্ষই উত্তেজিত হয়ে উঠলে তাদের শান্ত করি। সভার বাইরে দু'পক্ষের সমর্থকরা উত্তেজিত হয়ে উঠলে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়।
বন্ধন পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক ইব্রাহিম চেঙ্গীস বলেন, পরিবহন মালিকেরা যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে দুই টাকা কম আদায় করছে। বাসভাড়া নিয়ে যাত্রী অধিকার সংরক্ষণ অযৌক্তিক হরতাল কর্মসূচি দিলে পরদিন থেকে পরিবহন মালিকেরা লাগাতার ধর্মঘট পালন করতে বাধ্য হবে।
চেঙ্গীস বলেন, আজকের সভায় আমরা শামীম ওসমানকে অনুরোধ করে নিয়ে এসেছি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২৩১৫ ঘ.
bdnews24