২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির ৩ দিনের বিক্ষোভ কর্মসূচি

সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও ব্যর্থতার প্রতিবাদে তিন দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে প্রধান বিরোধী দল বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2011, 06:58 AM

Updated : 24 Aug 2022, 03:21 PM

ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও ব্যর্থতার প্রতিবাদে তিন দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে প্রধান বিরোধী দল বিএনপি। শনিবার দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, সার ও কৃষি পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ২১ জুন এবং জ্বালানি তেল-গ্যাসের দাম ও যানাবাহনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ২৮ জুন ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ করা হবে। আর পূঁজিবাজার নিয়ন্ত্রণে সরকারের 'ব্যর্থতার' প্রতিবাদে ২৩ জুন ঢাকা ও চট্টগ্রামের বিক্ষোভ সমাবেশ করবে দলটি। তত্ত্বাবধায়ক সরকার বহাল রাখার দাবিতে এর আগে গত ৫ জুন সকাল-সন্ধ্যা এবং ১২ ও ১৩ জুন ৩৬ ঘণ্টা হরতাল করে বিএনপি। কর্মসূচি ঘোষণা করে মির্জা ফখরুল ইসলাম বলেন, "আমাদের চলমান আন্দোলনের অংশ হিসেবে এক মাসের এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বিএনপিসহ চারদলীয় শরিক ও সমমনা দলগুলোও যৌথভাবে এই কর্মসূচি পালন করবে।" নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ ব্রিফিং হয়। ১২ ও ১৩ জুন হরতালে 'পুলিশি নির্যাতন' ও ভ্রাম্যমান আদালত পরিচালনার প্রতিবাদে ১৫ জুন ঢাকায় ও পরদিন ১৬ জুন সারাদেশে বিক্ষোভ করে বিএনপি। নতুন কর্মসূচি ঘোষণা করার আগে নয়াপল্টনে জাগপা, এনপিপি, এনডিপি, লেবার পার্টি, ন্যাপসহ কয়েকটি সমমনা দলের সঙ্গে বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১২৫৫ ঘ.