ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতকে ব্যবহার করে সরকার দেশে 'একদলীয়' শাসন কায়েম করেছে বলে অভিযোগ করেছে প্রধান বিরোধী দল বিএনপি।
শুক্রবার বিকালে এক আলোচনা সভায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন।
তিনি আরো বলেন, "দেশ এক কঠিন সময় অতিক্রম করছে। আদালত একটি দলের আদর্শ বাস্তবায়নে কাজ করছে। গণতন্ত্র আজ অবরুদ্ধ।"
বিকালে জাতীয় প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এর উদ্যোগে '১৬ জুন সংবাদপত্রের কালো দিবস' শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১৯৭৫ সালের ২৫ জানুয়ারি সংসদে চতুর্থ সংশোধনী পাসের মাধ্যমে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তনের পর তৎকালীন আওয়ামী লীগ সরকার ১৬ জুন সরকারি মালিকানার ৪টি পত্রিকা রেখে সব সংবাদপত্র বন্ধ করে দেয়। বিএনপিসহ সমমনা দল ও সংগঠনগুলো প্রতি বছর এ দিনটিকে 'কালো দিবস' হিসেবে পালন করে থাকে।
সরকারের বিরুদ্ধে 'দুর্বার আন্দোলন' গড়ে তুলতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, "আর সময় নষ্ট করা যাবে না। দেশের অস্তিত্ব ও গণতন্ত্র রক্ষায় এখনই সবাইকে জেগে উঠতে হবে।"
মির্জা ফখরুল সরকারের বিরুদ্ধে আরো অভিযোগ করেন, বাংলাদেশকে একটি পরনির্ভরশীল ও অন্য দেশের বাজারে পরিণত করতেই সরকার পরিকল্পিতভাবে বন্ধুত্বের নামে সবকিছু উজাড় করে দিচ্ছে। ট্রানজিট দেওয়া হয়েছে।
তিনি 'দেশীয় সংস্কৃতি' রক্ষায় জাসাস নেতা-কর্মীদের গ্রামে-গঞ্জে গিয়ে কর্মসূচি গ্রহণের পরামর্শও দেন।
"আধিপত্যবাদ ও অপসংস্কৃতির বিরুদ্ধে নতুন প্রজন্মকে সজাগ করতে জাসাসকে কর্মসূচি নিয়ে জনগণের দ্বারে দ্বারে যেতে হবে।''
জাসাস সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুুদুর রহমান,বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী, মহানগর সদস্য সচিব আবদুস সালাম ও সাংবাদিক আবদুল হাই শিকদার বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯১৯ ঘ.
bdnews24